বাংলাদেশে ওয়াইফাই ৮ রাউটার এনেছে টিপি-লিংক
বাংলাদেশে ওয়াইফাই ৮ রাউটার এনেছে টিপি-লিংক।
ads

প্রযুক্তি ডেস্ক 
বাংলাদেশে আগামী প্রজন্মের তারহীন প্রযুক্তি ‘ওয়াইফাই ৮’ রাউটার উন্মোচন করেছে নেটওয়ার্কিং প্রতিষ্ঠান টিপি-লিংক। নেটওয়ার্কিং পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ‘ওমাডা এক্সপার্ট প্রোগ্রাম’ চালুর ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি। গত মঙ্গলবার বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ‘টিপি-লিংক পার্টনার কানেক্ট ২০২৬’ অনুষ্ঠানে নতুন এই প্রযুক্তি উন্মোচন করা হয়। টিপি-লিংকের বাংলাদেশের জাতীয় পরিবেশক এক্সেল টেকনোলজিস লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টিপি-লিংক সিস্টেমস ইনকরপোরেটেডের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান ডং। বিশেষ অতিথি ছিলেন টিপি-লিংক সিস্টেমস ইনকরপোরেটেডের সার্ক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং ও এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা। অনুষ্ঠানে ব্রায়ান ডং বলেন, ‘বাংলাদেশে ভবিষ্যতে যদি উৎপাদন সম্প্রসারণের সুযোগ তৈরি হয় এবং প্রয়োজনীয় জনবল পাওয়া যায়, তাহলে আমরা এখানে উৎপাদনকেন্দ্র স্থাপনের বিষয়টি বিবেচনা করব। কারণ, বর্তমানে এখানে উৎপাদন ব্যয় তুলনামূলকভাবে অনেক কম। এখানকার মানুষও বেশ পরিশ্রমী এবং উচ্চশিক্ষিত জনবল ও বিশ্ববিদ্যালয়ের সংখ্যা উল্লেখযোগ্য। সবকিছু বিবেচনায় আমার মনে হয়, উৎপাদনকেন্দ্র স্থাপনের জন্য এটি আমাদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি জায়গা।’ লিন ওয়াং বলেন, ওয়াই-ফাই ৮ নতুন এই প্রযুক্তি ওয়াইফাই ৭ এর তুলনায় ৪০ থেকে ৬০ শতাংশ উন্নত সেবা দেবে। নেটওয়ার্কের পরিস্থিতি বুঝে স্বয়ংক্রিয়ভাবে সংযোগ সমন্বয় করতে পারে এবং একই সময়ে একাধিক ডিভাইস ব্যবহার করলেও এটি স্থিতিশীল সংযোগ নিশ্চিত করতে সহায়তা করবে।
গৌতম সাহা বলেন, ২০২৪ সাল থেকে আমরা বাংলাদেশে ওমাডার সাথে কাজ করছি। এই দুই বছরে আমরা শুধু পণ্য বিক্রি করিনি, তার সাথে এক হাজারের বেশি ওমাডা সার্টিফায়েড এক্সপার্ট মানুষ তৈরি করেছি। এরই ধারাবাহিকতায় আমরা ‘ওমাডা এক্সপার্ট প্রোগ্রাম’ শুরু করছি।