কম্পিউটিংয়ে নতুন সম্ভাবনা দেখাচ্ছে অপটিক্যাল প্রযুক্তি
কম্পিউটিংয়ে নতুন সম্ভাবনা দেখাচ্ছে অপটিক্যাল প্রযুক্তি।
ads

আহমেদ ইফতেখার

কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণে এতদিন প্রধান ভূমিকা রেখেছে ইলেকট্রন। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং ও ডেটা সেন্টারের ব্যবহার দ্রুত বাড়তে থাকায় প্রচলিত কম্পিউটিং প্রযুক্তির ওপর চাপও বাড়ছে। বিশেষ করে বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণ, দ্রুত তথ্য আদান-প্রদান এবং বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত ইলেকট্রনিক প্রযুক্তি নানা চ্যালেঞ্জের মুখে পড়ছে। এ পরিস্থিতিতে ইলেকট্রনের পরিবর্তে আলোককণা বা ফোটন ব্যবহার করে তথ্য প্রক্রিয়াকরণের প্রযুক্তি অপটিক্যাল কম্পিউটিং নতুন সম্ভাবনা তৈরি করছে।
কয়েক দশক ধরেই এ প্রযুক্তি নিয়ে গবেষণা চলছে। তবে সাম্প্রতিক সময়ে এআইয়ের দ্রুত প্রসার অপটিক্যাল কম্পিউটিংয়ের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। গবেষকদের ধারণা, নির্দিষ্ট ধরনের জটিল গণনা ও তথ্য বিশ্লেষণে আলোকভিত্তিক প্রযুক্তি তুলনামূলক কম শক্তি ব্যবহার করে বেশি কার্যকর ফল দিতে পারে। যদিও প্রযুক্তিটি এখনো গবেষণা ও উন্নয়নের পর্যায়ে রয়েছে, ভবিষ্যতের কম্পিউটিং অবকাঠামোয় এর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা।
আলো দিয়েই তথ্য প্রক্রিয়াকরণ
অপটিক্যাল কম্পিউটিংয়ের কার্যপদ্ধতি বোঝাতে পদার্থবিজ্ঞানীরা প্রায়ই চশমার উদাহরণ দেন। চশমার মধ্য দিয়ে আলো যাওয়ার সময় লেন্স তার গতিপথ পরিবর্তন করে। ফলে চোখে ঝাপসা দেখা দৃশ্যও স্পষ্ট হয়ে ওঠে। একইভাবে অপটিক্যাল কম্পিউটিংয়ে লেন্স, আয়না, ফিল্টার ও বিশেষ ধরনের ফোটনিক উপাদান ব্যবহার করে আলোর গতিপথ, তীব্রতা ও অন্যান্য বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করা হয়। আলোর প্রতিফলন, প্রতিসরণ ও ব্যতিচার কাজে লাগিয়ে নির্দিষ্ট গাণিতিক হিসাব সম্পন্ন করা সম্ভব। এতে একই সময়ে একাধিক আলোকসংকেত নিয়ে কাজ করার সুযোগ তৈরি হয়।
এ প্রযুক্তির অন্যতম সম্ভাবনাময় ক্ষেত্র হলো অপটিক্যাল নিউরাল নেটওয়ার্ক। কৃত্রিম নিউরাল নেটওয়ার্কে বিপুল পরিমাণ ম্যাট্রিক্স গণনা করতে হয়। প্রচলিত প্রসেসরে এসব গণনা সম্পন্ন করতে বিদ্যুৎ ব্যবহার ও তাপ উৎপাদন হয়। অন্যদিকে ফোটনিক প্রযুক্তিতে আলোর বিভিন্ন বৈশিষ্ট্য কাজে লাগিয়ে সমান্তরালভাবে অনেক গণনা করা যায়। ২০২৪ সালে লাইট : সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনস সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা পর্যালোচনায় বলা হয়েছে, অপটিক্যাল নিউরাল নেটওয়ার্কে ন্যানোসেকেন্ডেরও কম সময়ে গণনা এবং তুলনামূলক কম তাপ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। 
তবে অপটিক্যাল কম্পিউটিংয়ের সুবিধা কেবল আলোর গতির ওপর নির্ভর করে না। কর্নেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিটার ম্যাকমোহানের মতে, আলোর গতিকে এ প্রযুক্তির প্রধান সুবিধা হিসেবে বিবেচনা করা ঠিক নয়। কারণ, আলো কেবল শূন্যস্থানেই সর্বোচ্চ গতিতে চলতে পারে। সিলিকন ফোটনিকস প্রযুক্তিতে আলো শূন্যস্থানে আলোর গতির প্রায় ৪০ শতাংশ গতিতে চলাচল করে। এ গতি প্রিন্টেড সার্কিট বোর্ডে বৈদ্যুতিক সঙ্কেতের চলাচলের গতির কাছাকাছি। বরং একই সময়ে বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণ এবং কম শক্তিতে নির্দিষ্ট গণনা সম্পন্ন করার সক্ষমতাই এ প্রযুক্তির বড় সম্ভাবনা। 
চ্যালেঞ্জ পেরিয়ে বাণিজ্যিক ব্যবহারের অপেক্ষা
সম্ভাবনা থাকলেও অপটিক্যাল কম্পিউটিং এখনই প্রচলিত কম্পিউটারের বিকল্প হয়ে উঠছে না। কারণ, তথ্য সংরক্ষণ, জটিল গাণিতিক কাজের কিছু ধাপ এবং ফলাফল ব্যবস্থাপনায় এখনো ইলেকট্রনিক প্রযুক্তির প্রয়োজন রয়েছে। আলোকসংকেতকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করতেও শক্তি ও সময় ব্যয় হয়। এ ছাড়া প্রযুক্তিটির উৎপাদন ব্যয়, বড় পরিসরে ব্যবহার এবং নির্ভুলতা নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ। 
এ কারণে গবেষকরা আপাতত ইলেকট্রনিক ও অপটিক্যাল প্রযুক্তির সমন্বয়ে হাইব্রিড কম্পিউটিং ব্যবস্থা তৈরির দিকে মনোযোগ দিচ্ছেন। বিশেষ করে এআই প্রশিক্ষণ, ছবি বিশ্লেষণ, বৈজ্ঞানিক গবেষণা এবং ডেটা সেন্টারে নির্দিষ্ট ধরনের গণনার কাজে এ প্রযুক্তি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
সব মিলিয়ে অপটিক্যাল কম্পিউটিং প্রচলিত কম্পিউটিং প্রযুক্তিকে রাতারাতি প্রতিস্থাপন করবে, এমন সম্ভাবনা এখনো নেই। তবে তথ্যের ক্রমবর্ধমান চাহিদা ও এআই প্রসারের যুগে দ্রুত এবং বিদ্যুৎ সাশ্রয়ী গণনার নতুন পথ তৈরি করতে পারে আলোকভিত্তিক এ প্রযুক্তি।