
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে পার্শ্ববর্তী দেশে পালিয়ে থাকা এক নেতা বাংলাদেশে বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অপচেষ্টা চালাচ্ছেন। দেশের ভেতরে পালিয়ে থাকা গণতন্ত্রবিরোধী শক্তি ও তার দোসররা এখনো সক্রিয় রয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে যশোরের জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, দেশত্যাগ করা ওই ব্যক্তি বিদেশে বসে মদদ ও অর্থ দিয়ে দেশের ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছেন। সন্ত্রাসীদের দিয়ে গাড়িতে আগুন দেয়া, বিএনপি নেতা ও মন্ত্রীদের বাড়িতে পেট্রোল ঢালা এবং গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত ব্যক্তিদের ওপর হামলার ঘটনা ঘটাচ্ছেন। লন্ডনে নাহিদের ওপর হামলা এবং এবি পার্টির মঞ্জুর গাড়ি পোড়ানোর প্রসঙ্গ তুলে তিনি এসব ঘটনার পেছনে পার্শ্ববর্তী দেশের মদদ রয়েছে বলে অভিযোগ করেন।
রিজভী বলেন, ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার কথা বলা হচ্ছে। একটি পত্রিকায় প্রকাশিত খবর এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানার ওসির মোবাইল ফোনে পাওয়া বার্তার প্রসঙ্গও উল্লেখ করেন তিনি। প্রশাসন ও পুলিশসহ বিভিন্ন জায়গায় এখনো গণতন্ত্রবিরোধী শক্তির দোসররা সক্রিয় রয়েছে বলে দাবি করেন রিজভী।
তিনি বলেন, তিন-চার দিনের ব্যবধানে ভাঙ্গায় রাজু মোল্লা এবং নড়াইলে জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা ও কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান হত্যার শিকার হয়েছেন।
আন্দোলন বেগবান করতে ‘লাশ’ খোঁজার অভিযোগ তুলে রিজভী বলেন, শেখ হাসিনা নিজের দলের লোকজনের লাশকে কেন্দ্র করেও আন্দোলন গড়ে তুলতে চাইছেন। সন্ত্রাসী ও মাস্তানদের ওপর নির্ভর করে আন্দোলন পরিচালনার চেষ্টা করা হচ্ছে। এতে গণতান্ত্রিক আন্দোলনের নেতাকর্মীদের রক্ত ঝরছে।
বর্তমান সরকারের অবস্থান তুলে ধরে বিএনপির এ নেতা বলেন, দেশের মানুষ স্থিতিশীল ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ চায়। তারেক রহমানের সরকার সেই পরিবেশ নিশ্চিত করছে। দেশে বিরোধী মত ও চিন্তার স্বাধীনতা থাকবে। তবে গুম, খুন, ক্রসফায়ার কিংবা রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে বিরোধী কণ্ঠ স্তব্ধ করার রাজনীতিতে বিএনপি বা তারেক রহমান বিশ্বাস করেন না।
যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবুর সভাপতিত্বে স্মরণসভায় সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এমপি প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









