
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও এতিম শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে বাদ জুমা বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাংলাবাজার দারুল উলূম হোসাইনিয়া মাদরাসা ও এতিমখানায় ২৫০ জন এতিমশিক্ষার্থীদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী।
ভোজে অংশ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির পেছনে দূরদর্শী নেতৃত্বের ভূমিকা অপরিসীম। প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে দেশে আজ সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। দেশের জনগণের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে চলেছেন।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশে স্থিতিশীলতা ও বৈশ্বিক পরিমন্ডলে বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। উচ্চশিক্ষার মানোন্নয়ন, শিক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে তারেক রহমানের সুদূরপ্রসারী পরিকল্পনা ও আন্তরিক পৃষ্ঠপোষকতায় আমরা উজ্জীবিত। আমি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ পরিচালনায় অব্যাহত সাফল্য কামনা করছি।’
এতিম ও দুস্থ শিশুদের উদ্দেশে তিনি বলেন, ‘আজকের এ বিশেষ দিনে মাদরাসার কোমলমতি শিক্ষার্থীদের সাথে দুপুরের খাবার ভাগাভাগি করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। মহান আল্লাহ যেন আমাদের ইবাদত ও সদকা কবুল করেন এবং সৎ ও হালাল পথে চলার তৌফিক দান করেন। একইসাথে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করেন।’
নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: হাছান উদ্দীন ও রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, হল প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ সময় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সার্বিক কল্যাণ ও সফলতা কামনাসহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও সার্বিক অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো: গিয়াস উদ্দিন ভূঁইয়া।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









