উজিরপুরে ২ অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়ে। নয়া দিগন্ত

বরিশালের উজিরপুরে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়েছে। এ সময় সরকারি কাজে বাধা দেয়া ও মব সৃষ্টির অভিযোগে রাজিব (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

Advertisement

রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার শিকারপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নুরুর ইটভাটা (এসএসবি) ও মক্কা ব্রিকসের অবৈধ স্থাপনা ধ্বংস করা হয়।

পরিবেশ অধিদফতরের সদর দফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আকতারের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন। এ সময় বরিশাল জেলা পুলিশের বিশেষ দল ও উজিরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট সহযোগিতা করে।

Advertisement

স্থানীয়রা জানান, একটি দালালচক্রের মাধ্যমে সাংবাদিক পরিচয়ধারী কয়েকজন ব্যক্তি এবং পরিবেশ অধিদফতরের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীকে নিয়মিত মাসোহারা দিয়ে দীর্ঘদিন ধরে এসব অবৈধ ইটভাটা পরিচালনা করা হচ্ছিল। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আকতার বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। কয়লার পরিবর্তে লাকড়ি পোড়ানো এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ইটভাটা দুটির অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়েছে। সরকারি কাজে বাধা ও মব সৃষ্টির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।