
খুলনা মহানগরীতে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ মশিউর রহমান (৫৯) নামে শিক্ষা অফিসের এক কর্মচারী আহত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে হাসানের চায়ের দোকানের কাছে তিনি গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ মশিউর রহমান রূপসা উপজেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক। তার বাড়ি নগরীর মিয়াপাড়া এলাকার পাইপের মোড়ে।
আহত মশিউর রহমানের ভাষ্য, মেয়ের জন্য খাবার কিনতে বাসা থেকে বের হয়ে পাইপের মোড় থেকে পিটিআই মোড়ের দিকে যাচ্ছিলাম। পথে একটি মোটরসাইকেলের আরোহী তিনজনকে গুলি ছুড়তে দেখি।
তাকে লক্ষ্য করে গুলি করা হয়নি দাবি করে তিনি বলেন, অন্য কাউকে লক্ষ্য করে ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে আমার গায়ে লাগে। গুলিটি আমার বাম পাশের পাঁজরের ঠিক নিচে বিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা আমাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: লোকমান হোসেন বলেন, মিয়াপাড়া এলাকায় পুলিশের দল পাঠানো হয়েছে। তবে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য তখনো পাওয়া যায়নি।
সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) মো: শফিকুল ইসলাম জানান, আহত ব্যক্তি হাসপাতালে আছেন বলে তারা জানতে পেরেছেন। ঘটনাস্থল ও ঘটনার বিস্তারিত জানতে মিয়াপাড়া এলাকায় পুলিশের একটি দল পাঠানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








