কাজে যোগ দিচ্ছেন ১ নম্বর সাভার উলাইল আল-মুসলিম গ্রুপের পোশাকশ্রমিকরা
কাজে যোগ দিচ্ছেন ১ নম্বর সাভার উলাইল আল-মুসলিম গ্রুপের পোশাকশ্রমিকরা। নয়া দিগন্ত

শ্রমিক অসন্তোষ ও সাপ্তাহিক ছুটি শেষে রোববার (৮ নভেম্বর) সাভার শিল্পাঞ্চলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। এদিন শিল্পাঞ্চলের পরিবেশ-পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ ও স্বাভাবিক। সকালে সাভারের হেমায়েতপুর, উলাইল ও রেডিওকলোনী এলাকার বিভিন্ন কারখানায় শ্রমিকরা দলে দলে কাজে যোগ দেন।

Advertisement

গত কয়েকদিন ধরে ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সাভার শিল্পাঞ্চলে অসন্তোষ ও অস্থিরতা দেখা দেয়। তবে রোববার পুরো শিল্পাঞ্চলে কোনো ধরনের বিশৃঙ্খলা বা আন্দোলনের খবর পাওয়া যায়নি। শ্রমিকরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন।

যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এপিবিএন, শিল্প পুলিশ, জেলা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাভার ও আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং কারখানার সামনে সতর্ক অবস্থানে মোতায়েন ছিলেন।

Advertisement

সাভার-আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমেনুল ইসলাম ভূঁইয়া নয়া দিগন্তকে জানান, রোববার সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের পরিবেশ ছিল স্বাভাবিক ও শান্তিপূর্ণ। সাভার এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে আশুলিয়ার জামগড়া, বাংলাবাজার ও সরকার মার্কেট এলাকায় কারখানার কার্যক্রম বন্ধ ছিল। এছাড়া ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।