পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২। প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দু‘জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

Advertisement

রোববার (৮ নভেম্বর) সকালে ও দুপুরে উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় দুর্ঘটনা দু’টি ঘটে।

নিহতরা হলেন— সাতকানিয়া উপজেলার ছদাহ ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার মরহুম আবুল খায়েরের ছেলে মাহবুবুর রহমান (৬৫) ও চকরিয়ার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকার বোরহান উদ্দিনের দুই মাস বয়সী শিশু সন্তান আরহাম।

Advertisement

আহতরা হলেন— নিহত শিশু আরহামের মা লাকী (৩৫), খালা উর্মী আক্তার (২৫) ও অটোচালক জাফর আলম (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাহবুবুর রহমান মোটরসাইকেলযোগে আজিজনগর থেকে সাতকানিয়ার দিকে যাচ্ছিলেন। পথে হারবাং পেট্রোল পাম্পের পাশে একটি মালবাহী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, একই দিন দুপুর ১২টার দিকে হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় পৃথক দুর্ঘটনাটি ঘটে। চকরিয়া সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিল শিশু আরহাম ও তার পরিবারের সদস্যরা। পথে মহাসড়কের গয়ালমারা এলাকায় পৌঁছালে একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে শিশু আরহামের মৃত্যু হয়।

চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ সার্জেন্ট জাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে হারবাং পেট্রোল পাম্পের পাশে মালবাহী ট্রাকের চাপায় মাহবুবুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একইদিন গয়ালমারা এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় আরহাম নামে দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

তিনি আরো জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।