আগুন, ব্যবসাপ্রতিষ্ঠান, ফায়ার সার্ভিস, বৈদ্যুতিক শর্টসার্কিট
আগুনে ভস্মীভূত ব্যবসা প্রতিষ্ঠান। নয়া দিগন্ত

গাইবান্ধার সাঘাটায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের।
‎
শনিবার (৭ নভেম্বর) রাতে উপজেলার কচুয়া ইউনিয়নের উল্লাসোনাতলা বাজারে এ ঘটনা ঘটে।
‎
‎স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের ইলেকট্রনিক্স ব্যবসায়ী মিনহাজুল ইসলাম মন্টুর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে মন্টুর ইলেকট্রনিক্সের দোকান, মো: রাজা মিয়ার মুদি দোকান ও মো: মসিউর রহমানের চায়ের স্টল পুড়ে যায়। 
‎
‎ঘটনার সত্যতা নিশ্চিত করে কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী খন্দকার জানান, প্রাথমিক হিসেবে আগুনে তিন ব্যবসায়ীর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় সহযোগিতার জন্য সাঘাটা উপজেলা প্রশাসনের কাছে জমা দেয়া হবে।
‎
‎সাঘাটার ইউএনও (অতিরিক্ত দায়িত্ব) মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন। রোববার সহকারী কমিশনার (ভূমি) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। এ সময় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে আর্থিক সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে।

Advertisement