আর্মি সার্ভিস কোর সম্মেলন ২০২৬, জাহানাবাদ সেনানিবাস, সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট হাসপাতাল জাহানাবাদ, মিলিটারি ড্রাইভিং স্কুল জাহানাবাদ, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আর্মি সার্ভিস কোর আধুনিকায়ন, আর্মি সার্ভিস কোর সক্ষমতা বৃদ্ধি
আর্মি সার্ভিস কোরের ৪৫তম অধিনায়ক সম্মেলন। সংগৃহীত
ads

খুলনার জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ও শুক্রবার (২৬ নভেম্বর) আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুলে (এএসসিসিঅ্যান্ডএস) এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সম্মেলনে আর্মি সার্ভিস কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সেনাবাহিনী প্রধান।

এ সময় তিনি মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী সব শহীদের প্রতি শ্রদ্ধা জানান। বর্তমান বৈশ্বিক সাপ্লাই চেইনের চ্যালেঞ্জ মোকাবেলা করে শান্তিকালীন সময়ে সরবরাহ কার্যক্রম সচল রাখা এবং ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রের চাহিদা বিবেচনায় আর্মি সার্ভিস কোরের আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি ও আভিযানিক দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া উপস্থিত অধিনায়ক ও কর্মকর্তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে দক্ষতা অর্জন এবং আধুনিক সেনাবাহিনী গঠনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

সম্মেলনের পাশাপাশি সেনাবাহিনী প্রধান সর্বসাধারণের জন্য উন্মুক্ত আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট হাসপাতাল জাহানাবাদ ও মিলিটারি ড্রাইভিং স্কুল জাহানাবাদ উদ্বোধন করেন। একইসাথে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সেনাবাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করেন, নবনির্মিত হাসপাতালটি সর্বসাধারণের জন্য উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অন্যদিকে, জাহানাবাদ মিলিটারি ড্রাইভিং স্কুল দক্ষ ও প্রশিক্ষিত চালক গড়ে তোলার পাশাপাশি নিরাপদ সড়কব্যবস্থা নিশ্চিত করা এবং সড়ক দুর্ঘটনা কমাতে সহায়ক হবে।

স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির আধুনিক ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা কার্যক্রম আরো সম্প্রসারিত হবে বলেও আশা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, সেনাকল্যাণ সংস্থার চেয়ারম্যান, ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডারসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আমন্ত্রিত সামরিক ও বেসামরিক অতিথি এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।