
মামলা ও গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে আইনের চোখ ফাঁকি দিতে বারবারই অবস্থান পরিবর্তন করছিলেন দেশের কুখ্যাত ইয়াবা সম্রাট কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদির পরিবারের লোকজন।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) পর্যটকের ছদ্মবেশে পরিবার-পরিজন নিয়ে সিলেটে আসেন তারা। উদ্দেশ্য—আবাসিক হোটেলে মহিলাদের নাম ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে আত্মগোপন এবং সুযোগ বুঝে সিলেট সীমান্ত পেরিয়ে ভারতে পাড়ি জমানো। কিন্তু শেষ রক্ষা হলো না তাদের।
গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির জালে আটকা পড়লেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের আলোচিত সাবেক এমপি বদির ছেলে, দুই সহোদর ও এক ঘনিষ্ঠ সহযোগী।
মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার (২৫ নভেম্বর) ভোর পর্যন্ত টানা পাঁচ ঘণ্টার অভিযানে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানা ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ নগরের জিন্দাবাজার জল্লারপাড় এলাকার অভিজাত ‘গ্র্যান্ড প্যালেস হোটেল’ থেকে তাদের আটক করে। আটকের পরপরই বুধবার দুপুরে কঠোর পুলিশি প্রহরায় তাদের কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অনুসন্ধানে বেরিয়ে এসেছে তাদের ছদ্মবেশ ধারণের অভিনব কৌশল। মঙ্গলবার সকালে নারী, পুরুষ ও শিশুসহ মোট ১৬ জনের একটি দল নিয়ে গ্র্যান্ড প্যালেস হোটেলে ওঠেন। তারা সবাই বদির পরিবারের সদস্য।
পুলিশ ও গোয়েন্দাদের নজর এড়াতে হোটেলের রেজিস্ট্রার খাতায় আটক হওয়া চার পুরুষ সদস্যের কারোরই নাম বা পরিচয় উল্লেখ করা হয়নি।
বরং পরিকল্পিতভাবে দলের সাথে থাকা নারী সদস্যদের নাম ও এনআইডি ব্যবহার করে হোটেলের একাধিক কক্ষ বুকিং দেয়া হয়, যাতে সাধারণভাবে দেখলে এটি একটি নিছক পারিবারিক ভ্রমণ বা অবকাশযাপন বলে মনে হয়।
হোটেল সূত্রে জানা গেছে, পরিচয় গোপন রাখার এই কৌশলের কারণেই শুরুতে হোটেল কর্তৃপক্ষও বুঝতে পারেনি যে তাদের অতিথিদের তালিকায় কক্সবাজার ও ঢাকার একাধিক মামলার আসামিরা রয়েছেন।
কক্সবাজারের সুদূর টেকনাফ থেকে কয়েকশ কিলোমিটার পাড়ি দিয়ে সপরিবারে সিলেটে আসার নেপথ্য কারণ নিয়ে তৈরি হয়েছে গভীর রহস্য।
সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য গোয়েন্দা ও স্থানীয় সূত্রের দাবি, দেশে চলমান সাঁড়াশি অভিযান ও মামলার চাপ থেকে বাঁচতে বদির ছেলে ও ভাইয়েরা সিলেট সীমান্তের চোরাই পথ ব্যবহার করে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।
সীমান্ত পাড়ি দেয়ার আগে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নিরাপদ ট্রানজিট হিসেবেই তারা সিলেটের এই অভিজাত হোটেলটিকে বেছে নিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে হোটেলে অবস্থান করা বদির স্ত্রী শারমিনসহ বাকিদের কোনো হদিস পাওয়া যায়নি। এ ব্যাপারে পুলিশেরও কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ। তবে কোতোয়ালি মডেল থানার ওসি খান মুহাম্মদ মাঈনুল জাকির নয়া দিগন্তকে জানান, তাদের বিদেশে পালানোর পরিকল্পনার বিষয়ে পুলিশের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা পরিবার নিয়ে সিলেটে ঘুরতে এসেছিলেন। তবে পর্যটন মৌসুমে নিজের পরিচয় গোপন করে নারীদের নামে হোটেল বুকিং দেয়ার বিষয়টি তাদের দেশত্যাগের পরিকল্পনার গুঞ্জনকেই আরো জোরালো করে তুলেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে কক্সবাজার ছাড়াও রাজধানী ঢাকায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতার এড়াতে তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে বারবার অবস্থান পরিবর্তন করে আসছিলেন।
অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের সর্বশেষ অবস্থান সিলেটের জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্যালেস হোটেলে নিশ্চিত হয় পুলিশ।
এরপরই মঙ্গলবার রাত ১২টার পর পুরো হোটেল এলাকা ঘিরে ফেলেন কোতোয়ালি মডেল থানা পুলিশ ও মহানগর ডিবি পুলিশের সদস্যরা। হোটেলের সাধারণ অতিথিদের কোনো ধরনের আতঙ্ক বা বিঘ্ন না ঘটিয়ে রাত পৌনে ১টার দিকে শুরু হয় মূল অভিযান। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী পরিচালিত এই নিখুঁত অভিযানের পর বুধবার ভোর ৫টার দিকে কক্ষ থেকে চারজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
আটক ব্যক্তিরা হলেন সাবেক এমপি বদির ছেলে ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহ-সভাপতি শাওন আরমান, বদির দুই ভাই আমিনুর রহমান আমিন ও আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন।
অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে বেশ কয়েকটি মোবইল ফোন জব্দ করেছে পুলিশ। সীমান্ত পাড়ি দিয়ে বিদেশে যাওয়ার জন্য কারো সাথে যোগাযোগ করা হয়েছিল কি না, সিলেটে তাদের স্থানীয় কোনো আশ্রয়দাতা ছিল কি না এবং সাম্প্রতিক সময়ে তারা কাদের সাথে কী ধরনের যোগাযোগ রেখেছেন—তা উদ্ঘাটনে জব্দ মোবইল ফোনগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, আটকের পর বুধবার দুপুরেই কক্সবাজার জেলা পুলিশের একটি বিশেষ দলের কাছে চারজনকে হস্তান্তর করে সিলেট মহানগর পুলিশ। কোতোয়ালি থানার ওসি মাঈনুল জাকির নিশ্চিত করেছেন, আটক চারজনকে নিয়ে পুলিশ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে তিনি নিজেও তাদের সাথে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত গিয়েছেন।
বৃহস্পতিবার আটক চারজনকে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে জানা গেছে।
দীর্ঘ দিন ধরে নাগালের বাইরে প্রভাবশালী এই চক্র
কক্সবাজারের সীমান্তবর্তী জনপদ উখিয়া-টেকনাফে আবদুর রহমান বদি ও তার পরিবারের সদস্যদের নিয়ে বিতর্ক নতুন নয়। এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অনুসন্ধানেও বদির আটক দুই ভাই আমিনুর রহমান আমিন ও আব্দুস শুক্কুরের বিরুদ্ধে ইয়াবা ও মাদক কারবারে সরাসরি সংশ্লিষ্টতার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছিল। দীর্ঘদিন ধরে আইনের নাগালের বাইরে থাকা এই প্রভাবশালী চক্রের সদস্যরা অবশেষে সিলেটে এসে পরিচয় লুকিয়েও শেষ রক্ষা পেলেন না। এখন তাদের জিজ্ঞাসাবাদ ও ফরেনসিক প্রতিবেদনের মাধ্যমে সিলেটে আগমনের প্রকৃত উদ্দেশ্য ও বিদেশে পালানোর নেপথ্য কারিগরদের তথ্য বেরিয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
২০২৪-এর সেপ্টেম্বরে বদির ক্যাশিয়ার ধরা পড়ে সিলেট ওসমানী বিমানবন্দরে
এর আগে ইয়াবা সম্রাট বদির ব্যক্তিগত ক্যাশিয়ার সালাহউদ্দীনকে ২০২৪ সালের ২ সেপ্টেম্বর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে র্যাবের (বর্তমানে এসআরবি) একটি দল। হজযাত্রীবেশে তিনি বিমান বাংলাদেশের জেদ্দাগামী একটি ফ্লাইটে চড়ে দেশত্যাগের চেষ্টা করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









