
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশি হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়ার চার ঘণ্টার মধ্যেই ইয়াসিন (১৯) নামের এক মাদক কারবারিকে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেফতার করা হয়।
এর আগে, একই দিন বিকেল ৪টার দিকে উপজেলার জাফতনগর পুলিশ ফাঁড়ি থেকে তিনি পালিয়ে যান। ইয়াসিন ফটিকছড়ি উপজেলার জাফতনগর এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে জাফতনগর ইউনিয়নের মোহাম্মদ তকিরহাট সংলগ্ন আমির আলী সওদাগর বাড়ির নিজ ঘর থেকে চার গ্যালন মদসহ ইয়াসিনকে আটক করে জাফতনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে ফাঁড়িতে নিয়ে আসা হয়। ফাঁড়িতে অবস্থানকালে প্রস্রাব করার কথা বলে হাতকড়া পরা অবস্থায় বাইরে বের হন ইয়াসিন। এক পর্যায়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হ্যান্ডকাফসহ পালিয়ে যান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ‘পুলিশের হাত ফসকে আসামি পালিয়ে গেলেও তাৎক্ষণিক বিশেষ অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেফতার করা হয়েছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








