
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্য জাতীয় নিরাপত্তা, সামাজিক শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ বাহিনীকে আধুনিক, দক্ষ, জনবান্ধব ও মানবিক হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ, কর্মসংস্থান, আর্থিক সহযোগিতা এবং সদস্য কল্যাণ কার্যক্রম আরো জোরদার করা হচ্ছে।’
শনিবার (৭ নভেম্বর) গাজীপুরে আনসার-ভিডিপি সদর দফতরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিজি মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ‘১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার সম্মিলিত সংহতির মাধ্যমে জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় প্রকাশ পেয়েছিল। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিকশিত জাতীয় ঐক্যের চেতনা দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানও জনগণের অধিকার ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষাকে নতুন মাত্রা দিয়েছে।’
তিনি বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘পিপলস ওয়ারফেয়ার ডকট্রিন’ বা গণপ্রতিরক্ষা দর্শনের ভিত্তিতে প্রতিষ্ঠিত গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) জনগণের অংশগ্রহণমূলক প্রতিরক্ষা ও সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ কাঠামো। এ দর্শনের ধারাবাহিকতায় বাহিনীর সদস্যরা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নগরজীবন পর্যন্ত নিরাপত্তা, মানবিক সহায়তা ও উন্নয়ন কাজে অবদান রাখছেন।’
সদস্য কল্যাণ বিষয়ে ডিজি বলেন, ‘প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশে-বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক সদস্যদের আর্থিক স্বাবলম্বিতা ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ব্যাংকের প্রাতিষ্ঠানিক বিকাশে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান আসি শ্রদ্ধার সাথে স্মরণ করছি।’
তিনি সদস্যদের জীবন ও কর্মপরিকল্পনাকে ‘কমপ্লিট প্যাকেজ অব লাইফ’ হিসেবে উল্লেখ করে বলেন, প্রশিক্ষণ, কর্মসংস্থান, আর্থিক সহযোগিতা, সামাজিক নিরাপত্তা ও আত্মকর্মসংস্থানের সুযোগের সমন্বয়ে সদস্যদের জন্য একটি সমন্বিত জীবনব্যবস্থা গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।
ডিজি বলেন, ‘জাতীয় স্বার্থ, জননিরাপত্তা ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা ও উসকানি প্রতিহত করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাহিনীর সদস্যদের নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।’
দিবসটি উপলক্ষে সদর দফতর ও গাজীপুর আনসার একাডেমিসহ সারাদেশে বাহিনীর বিভিন্ন ইউনিটে কর্মসূচি পালন করা হয়।
সদর দফতরের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ, মহাপরিচালকের দরবার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ সদর দফতরের কর্মকর্তা ও বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








