
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। দুর্ঘটনায় নিহত সাতজনেরই বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।
শুক্রবার (৬ নভেম্বর) স্থানীয় সময় রাত আনুমানিক ২টার দিকে মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তিরা একটি যানবাহনে করে মদিনা থেকে জেদ্দার উদ্দেশে যাচ্ছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ সাত বাংলাদেশীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে লাশগুলো স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়।
নিহতদের মধ্যে রয়েছেন সৌদি আরবের আল আবির কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও এক মেয়ে। একই কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রীও এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।
কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুদরুজ্জামানের সূত্রে জানা যায়, মক্কায় কর্মরত ওই কোম্পানির স্টোরকিপার আলমশাহ ও তার এক মাস বয়সী কন্যাশিশুও দুর্ঘটনায় নিহত হয়েছেন।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনায় নিহতদের লাশ মদিনার একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে নিহতদের বাড়ি চকরিয়া উপজেলায় বলা হলেও এখনো তাদের পরিবারের সুনির্দিষ্ট ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহীন দেলোয়ারের সাথে যোগাযোগ করা হলে তিনি স্থানীয় গণমাধ্যমকে জানান, বিষয়টি তিনি গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছেন। এ বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনিও একই তথ্য জানান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








