
ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু বলেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত সুখ ফিরিয়ে দিয়েছিলেন।’
তিনি বলেন, ‘জিয়াউর রহমান সব সময় দেশের ও মানুষের কল্যাণে কাজ করেছেন। মহান মুক্তিযুদ্ধে তার গুরুত্বপূর্ণ অবদান ও নেতৃত্ব ছিল। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’
শনিবার (৭ নভেম্বর) সকালে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সকাল ৭টায় মহানগর বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী।
ভূমিমন্ত্রী বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এরশাদ কিংবা আইয়ুব খানের মতো পেছনের দরজা দিয়ে বা স্বৈরাচারী কায়দায় রাষ্ট্রক্ষমতায় আসেননি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি অতীতে অনেক পরীক্ষার মুখোমুখি হয়েছেন। মহান মুক্তিযুদ্ধে তার অবদান ছিল সর্বোচ্চ পর্যায়ের।’
তিনি আরো বলেন, ‘জিয়াউর রহমানকে সামনে রেখেই এ দেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ ও অর্থ উপলব্ধি করতে পেরেছিল। তার প্রদর্শিত আদর্শ ও রেখে যাওয়া পথ অনুসরণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের মানুষের কল্যাণ ও অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।’
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদের সভাপতিত্বে ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো: মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল।
এ সময় মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে এ সভায় প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, আরএমপির কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির ও জেলা পুলিশ সুপার (এসপি) মো: মামুন অর রশিদ।
জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও দেশের রাজনৈতিক ও জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব তুলে ধরা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








