
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে রাজশাহী বোর্ডে প্রথম স্থান অর্জনকারী কৃতী শিক্ষার্থী মো: সাহাদৎ হোসেনকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলার গুরুদাসপুর উপজেলার খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে খুবজীপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজের ২০০৪ সালের এইচএসসি ব্যাচের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়।
সাহাদৎ হোসেন গুরুদাসপুর উপজেলার খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালে এসএসসি পরীক্ষা দিয়ে রাজশাহীর বোর্ডে সেরা হয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখে। সে উপজেলার খুবজিপুর গ্রামের মো: মিরাজুল ইসলামের ছোট ছেলে।
খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক শাহ আলমের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা ডা: মো: সিরাজুল ইসলাম শিশির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুবজীপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজের সভাপতি মো: ফরিদুল ইসলাম ও অধ্যক্ষ আবু সাইদ।
এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন খুবজীপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সরদার মো: আনিসুজ্জামান, সহকারি অধ্যাপক মো: মোশাররফ হোসেন ও মো: মহসিন আলী, চরপিপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও ফায়ার ইনস্পেক্টর মইনুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাহাদৎ হোসেনের এই অসামান্য সাফল্য শুধু তার পরিবার বা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যই গৌরবের নয়; বরং পুরো এলাকাসহ দেশের জন্য গর্বের বিষয়। তার এ অর্জন অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল ও উচ্চশিক্ষার প্রতি আগ্রহী করে তুলবে। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে যে সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব, সাহাদৎ তার উজ্জ্বল দৃষ্টান্ত।
বক্তারা আরো বলেন, মেধাবী শিক্ষার্থীদের যদি যথাযথ স্বীকৃতি ও উৎসাহ প্রদান করা হয় তাহলে তারা ভবিষ্যতে আরো ভালো করার অনুপ্রেরণা পাবে। পাশাপাশি এলাকার অন্যান্য শিক্ষার্থীরাও পড়াশোনায় মনোযোগী হতে উৎসাহিত হবে।
কৃতী শিক্ষার্থী সাহাদৎ হোসেন বর্তমান রাজশাহী কলেজে একাদশ শ্রেণিতে অধ্যায়নরত। ভবিষ্যতে সে একজন সফল আইনজ্ঞ হতে চায়।
অনুষ্ঠানে খুবজীপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজের এইচএসসি ব্যাচ-২০০৪-এর সাবেক শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট গুনিজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা কৃতী শিক্ষার্থী সাহাদৎ হোসেনকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও তার বাবাকে নগদ অর্থসহ ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








