আওয়ামী লীগ, নেতাকর্মী, গ্রেফতার, ছাত্রলীগ, বিশেষ অভিযান, কাউন্সিলর, যুবলীগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিএনপি, এনসিপি, শ্রমিক লীগ, সন্ত্রাসবিরোধী মামলা, মতলব উত্তর থানা
মতলব উত্তর থানা। নয়া দিগন্ত

চাঁদপুরের মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

শনিবার (৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া। শুক্রবার দিনভর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ছেংগারচর পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ছেংগারচর পৌরসভার তালতলী এলাকা থেকে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর আল আমিন সরকারকে গ্রেফতার করে পুলিশ। একই দিনে উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরো কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

Advertisement

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি নুরনবী খান, আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য দেলোয়ার মল্লিক, ছেংগারচর পৌর শ্রমিক লীগের সভাপতি সিরাজ সরকার, আওয়ামী লীগ নেতা বারেক ভূঁইয়া, যুবলীগ নেতা আবু ইউসুফ ও নহির উদ্দিন, শ্রমিক লীগ নেতা গোলাম মোস্তফা ও কামরুল হাসান, রুবেল সরকার ও আনোয়ার হোসেনসহ ১২ জন।

এদিকে, শুক্রবার দুপুরে চাঁদপুর শহরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় জেলার বিভিন্ন উপজেলায় পৃথক বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামী, বিএনপি, যুবদল, ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

ওসি মানস বলেন, ‘পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।’