মতলবে ১৫ মামলার আসামিসহ ৫ মাদককারবারি গ্রেফতার
মতলব দক্ষিণ থানা গ্রেফতার পাঁচ আসামি। নয়া দিগন্ত

চাঁদপুরের মতলব দক্ষিণে পুলিশের পৃথক বিশেষ অভিযানে ১৫ মামলার আসামি ডালিম ওরফে মেজর ডালিমসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

Advertisement

মতলব দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত একাধিক অভিযানে নায়েরগাঁও এলাকার বাসিন্দা রাজিয়া বেগমের ছেলে মো. ডালিম ওরফে মেজর ডালিমকে (৩০) ২০ পিস ইয়াবা ও একটি জিআর পরোয়ানাসহ গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী পাটন গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলামকে (২৮) ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

এছাড়া উপজেলার বদরপুর এলাকায় অভিযান চালিয়ে মনির মোল্লার ছেলে মো. আল-আমিন (২৫) ও দেলোয়ার প্রধানের ছেলে মো. আতিক প্রধানকে (২১), ২০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। অভিযানে সাজাপ্রাপ্ত আসামি ভুট্টু প্রধানের ছেলে শিপন প্রধানকেও (২৭) আটক করা হয়েছে।

অন্যদিকে, পুলিশের অন্য একটি অভিযানে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নলুয়া এলাকা থেকে আলী মিয়ার ছেলে মামুন হোসেন মৃধাকে (৩৪) ৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের জোরালো অভিযান অব্যাহত থাকবে।