
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য কোনো হুমকি নন বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে তার কাছে পর্যাপ্ত তথ্য রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে, নানা বিতর্কে জড়ানো হুয়াংকে তার পদে পুনর্বহালের জন্য নিজের প্রশাসনের হস্তক্ষেপকে বিশ্ববাসীর জন্য ‘একটি দারুণ পদক্ষেপ’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফ্লোরিডায় নিজের মার-এ-লাগো বাসভবনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।’
হুয়াংয়ের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগ (জাস্টিস ডিপার্টমেন্ট) পূর্ণাঙ্গ তদন্ত করেছে কি না, তা নিশ্চিত করেনি। এমন পরিস্থিতিতে ট্রাম্প কিভাবে তার নিরাপত্তাঝুঁকি না থাকার বিষয়ে নিশ্চিত হলেন—এএফপির এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার কাছে যে তথ্য রয়েছে, তার ভিত্তিতেই আমি এ কথা বলছি। আর আমার কাছে অনেক তথ্য রয়েছে।’
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হুয়াং চলতি মাসের শুরুতে পদত্যাগ করতে বাধ্য হন। তার সাথে চীনা গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ ওঠা এক ব্যবসায়ী নির্বাহীর বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য প্রকাশ্যে আসার পর এ পরিস্থিতি তৈরি হয়।
ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠান মার্কিন রফতানি নিয়ন্ত্রণনীতি লঙ্ঘন করে চীনকে উন্নত প্রযুক্তির চিপ পেতে সহায়তা করে থাকতে পারে বলেও অভিযোগ রয়েছে।
হুয়াংয়ের আকস্মিক পদত্যাগের খবরে এনভিডিয়ার শেয়ারের দাম ব্যাপকভাবে পড়ে যায়। পরে কোম্পানির পরিচালনা পর্ষদ তাকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে নেয়ার চমকপ্রদ সিদ্ধান্ত নিলে শেয়ারের দামে কিছুটা পুনরুদ্ধার ঘটে।
হুয়াংকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনার পক্ষে নিজের প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে তিনি পর্দার আড়ালে কাজ করেছেন বলেও জানিয়েছেন ট্রাম্প।
বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ‘আমি শুধু দেখেছি, কোম্পানিটির কী অবস্থা হচ্ছে এবং শেয়ারের দাম কিভাবে প্রভাবিত হচ্ছে।’
হুয়াংয়ের পক্ষে নেয়া উদ্যোগের বিষয়ে ট্রাম্প আরো বলেন, ‘তাই আমি সত্যিই মনে করি, আমাদের দেশ এমনকি পুরো বিশ্বের জন্যও আমি একটি দারুণ কাজ করেছি।’
হুয়াং পুনরায় দায়িত্বে ফিরছেন—এ ঘোষণা আসার পর তার সাথে কথা হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রথমে ট্রাম্প ‘না’ বলেন।
তবে পরে তিনি বলেন, ‘আমি যখন তার সাথে কথা বলেছি, তখন তিনি ফিরে যেতে পেরে খুবই খুশি ছিলেন।’
এ সময় হুয়াংয়ের স্ত্রীরও প্রশংসা করেন ট্রাম্প। তিনি তাকে ‘অসাধারণ’ বলে উল্লেখ করেন।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









