অস্ত্রের মুখে জিম্মি করে সাংবাদিকদের নির্যাতন, টাকা-ক্যামেরা ছিনতাই
অস্ত্রের মুখে জিম্মি করে সাংবাদিকদের নির্যাতন, টাকা-ক্যামেরা ছিনতাই। নয়া দিগন্ত গ্রাফিক্স

গাজীপুরের টঙ্গীতে মাদক ও অপরাধ নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে অস্ত্রের মুখে জিম্মি, নির্যাতন ও ছিনতাইয়ের শিকার হয়েছেন তিন সাংবাদিক।

Advertisement

তাদের প্রায় তিন ঘণ্টা আটকে রেখে মারধর, জোরপূর্বক চেতনানাশক খাওয়ানো এবং মাদকদ্রব্য সামনে রেখে মিথ্যা স্বীকারোক্তিমূলক ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৪০ হাজার টাকা, ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম ছিনিয়ে নেয়া হয়।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে টঙ্গী পশ্চিম থানাধীন মাজার বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

আক্রান্ত সাংবাদিকরা হলেন — ঢাকা ট্রিবিউনের রিপোর্টার রবিউল হাসান (২৬), আসিফুল ইসলাম রিফাত (২৬) ও আবির আহমেদ সুপ্ত (২৩)।

তাদের অভিযোগ, শুক্রবার দুপুর ১২টার দিকে মাদক ও অপরাধসংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য বহুল আলোচিত ও কুখ্যাত মাদকস্পট টঙ্গীর মাজার বস্তি এলাকায় গেলে ২০-২৫ জনের একটি দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের হাতে দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল। একপর্যায়ে পিস্তল মাথায় ঠেকিয়ে গুলি করার ভয় দেখানো হয় এবং লোহার ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করা হয়।

ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, পরে তাদের পাশের একটি স্থানে নিয়ে প্রায় তিন ঘণ্টা আটকে রেখে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে পিস্তলের মুখে জিম্মি করে পানির সাথে চেতনানাশক জাতীয় দ্রব্য মিশিয়ে জোরপূর্বক পান করানো হয়। এরপর তাদের সামনে বিভিন্ন মাদকদ্রব্য রেখে এবং হাতে টাকা দিয়ে আপত্তিকর পরিস্থিতি তৈরি করে মিথ্যা স্বীকারোক্তিমূলক ভিডিও ও ছবি ধারণ করা হয়।

সাংবাদিক রবিউল হাসানের অভিযোগ, নির্যাতনের একপর্যায়ে হামলাকারীরা তাদের ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। তাদের সাথে থাকা প্রায় ৪০ হাজার টাকা, ক্যামেরা ও ইলেকট্রনিক সরঞ্জাম ছিনিয়ে নেয়া হয়। এছাড়া ক্যামেরাসামগ্রী ভাঙচুর ও জাতীয় পরিচয়পত্র, কর্মস্থলের পরিচয়পত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র কেড়ে নেয়া হয়।

রবিউল হাসান জানান, বিকেল ৩টার দিকে এক অজ্ঞাত নেতা মোবাইলফোনে ভিডিও কল করে তাদের সাথে কথা বলেন। ওই ব্যক্তি ভবিষ্যতে ওই এলাকায় মাদক ও অপরাধ নিয়ে সংবাদ প্রকাশ না করার প্রস্তাব দেন। পরে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

আহত অবস্থায় তিন সাংবাদিককে টঙ্গী জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়।

ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীদের সাথে আলোচনা করে রবিউল হাসান টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুর রহমান বলেন, সাংবাদিকদের লিখিত অভিযোগটি তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। প্রাথমিক তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, অপরাধ নিয়ন্ত্রণে মাজার বস্তি উচ্ছেদের পর মাদককারবারিরা তুরাগ নদের তীর ও ইজতেমা মাঠ এলাকায় ভ্রাম্যমাণভাবে মাদক বিক্রি করছে। পুলিশ অভিযান চালালে তারা ডিএমপি এলাকার দিকে অথবা ইজতেমা মাঠ হয়ে বিভিন্ন দিকে পালিয়ে যায়। ওই এলাকায় আরো বড় পরিসরে অভিযান পরিচালনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর একই মাজার বস্তি এলাকায় দৈনিক কালবেলার গাজীপুর জেলা প্রতিনিধি মহিন উদ্দিন রিপনকে অস্ত্রের মুখে অপহরণ, মারধর ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে। ওই সময় তাকে আপত্তিকর ভিডিও ধারণ করে হয়রানিরও অভিযোগ করা হয়েছিল।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই একই এলাকায় তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

এছাড়া সম্প্রতি তুরাগ নদ থেকে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার লাশ উদ্ধার ও পরে মাজার বস্তি এলাকা থেকে তার মোটরসাইকেল উদ্ধারের ঘটনাও ওই এলাকার অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।