
কমলাপুর-বিমানবন্দর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় ছিনতাইকারীর ধাক্কায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে আনোয়ার হোসেন নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানী ঢাকার বনানী এলাকা থেকে তার লাশ উদ্ধারের খবর পায় স্বজনরা।
এর আগে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে কমলাপুর থেকে দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ছাদে এ ঘটনা ঘটে।
নিহত স্কুলশিক্ষক আনোয়ার হোসেনের বাড়ি ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের ফরিদপুর গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ শাজাহান। তিনি পুরান ঢাকার মিলাতি স্কুলের শিক্ষক ছিলেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহতের মেজো ভাই আক্তার হোসেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, স্কুলশিক্ষক আনোয়ার হোসেন বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার সময় ব্রহ্মপুত্র ট্রেনের ভেতরে ভিড় থাকায় ছাদে ভ্রমণ করেন। ছাদে ভ্রমণকালে কমলাপুর-বিমানবন্দর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন। এ সময় ছিনতাইকারীরা তাকে ট্রেনের ছাদ থেকে ফেলে দেয়। নিচে পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে শিক্ষক আনোয়ার হোসেন বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন রাজধানীর বনানী এলাকা থেকে তার লাশ উদ্ধারের খবর পায়।
এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে নিহতের পরিবার ও সহকর্মীরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








