সড়ক দুর্ঘটনা
মহেশখালীতে কালমাদিয়ায় সড়ক দুর্ঘটনায় স্ক্র্যাপ ব্যবসায়ী নিহত। নয়া দিগন্ত

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর কালমাদিয়ার ঢালায় সড়ক দুর্ঘটনায় আমান উল্লাহ (৩২) নামে এক স্ক্র্যাপ ব্যবসায়ী নিহত হয়েছেন। 

Advertisement

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে শাপলাপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে মহেশখালী থানা পুলিশ।

নিহত আমান উল্লাহ উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের উত্তরকুল এলাকার হোসেন আহমদের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

Advertisement

সড়ক দুর্ঘটনায় ‘স্পট ডেথ’ ও লাশ উদ্ধার

স্থানীয় সূত্র জানায়, শাপলাপুর কালমাদিয়ার ঢালা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমান উল্লাহ গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় শনাক্ত

উদ্ধারের সময় প্রাথমিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পরবর্তীতে পুলিশ ও স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি প্রকাশ করে পরিচয় শনাক্তে সহায়তা কামনা করলে স্বজনরা পরিচয় নিশ্চিত করেন।

পুলিশ কর্মকর্তার বক্তব্য

এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সুলতান বলেন, ‘নিহত আমান উল্লাহর লাশ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তার পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’