সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা। নয়া দিগন্ত

পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি পরিবহনের ধাক্কায় মো: সামসল আলম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

Advertisement

আজ শুক্রবার (৬ নভেম্বর) সকালে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হলে বাকেরগঞ্জ-কাঠালতলী-সুবদখালী-বরগুনা সড়কের উত্তর চৈতা আকন বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার সাথে থাকা সাখাওয়াত হোসেন নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তাকে পার্শ্ববর্তী বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

নিহত শামসুল আলম নয়া মিয়া উপজেলার মাধবখালী ইউনিয়নের উত্তর চৈতা গ্রামের মোহাম্মদ আলী চৌকিদারের ছেলে। 

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ফজরের নামাজ শেষে রাস্তায় হাঁটতে বের হন শামসুল আলম ও সাখাওয়াত হোসেন। বাড়ি থেকে বের হয়ে মহাসড়কে পৌঁছালে আকন বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় শামসুল আলমের। গুরুতর আহত হন সাখাওয়াত হোসেন। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তৌহিদুজ্জামান বলেন, ‘এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’