ঢাবির এমপিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশন
ঢাবির এমপিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কমিটিতে পারভেজ। নয়া দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধীন ‘মাস্টার অব প্রফেশনাল অ্যাকাউন্টিং’ (এমপিএ) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সিগমা অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো: মোফাখখারুল ইসলাম পারভেজ। 

Advertisement

সম্প্রতি গঠিত ২১ সদস্যবিশিষ্ট এ কমিটি আগামী ২০২৬–২০২৭ ও ২০২৭–২০২৮ মেয়াদের জন্য দায়িত্ব পালন করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমপিএ অ্যালামনাইয়ের প্রথম কমিটি গঠন

গত ৩০ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবনের নবম তলায় অবস্থিত অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে সংগঠনটির প্রথম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে মেহেদী হায়দার চৌধুরী সভাপতি এবং এইচ এম নুরুজ্জামান মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এই কমিটি গঠিত হয়। নির্বাচন কমিশনের নেতৃত্বে ছিলেন এমপিএ কো-অর্ডিনেটর অধ্যাপক ড. ধীমান কুমার চৌধুরী। কমিশনের অন্য দুই সদস্য ছিলেন অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান সরকার, এফসিএমএ এবং অধ্যাপক আমিরুস সালাত।

করপোরেট অঙ্গন ও আর্থিক ব্যবস্থাপনায় পারভেজের অভিজ্ঞতা

রংপুর জেলার কাউনিয়া উপজেলার সন্তান মো: মোফাখখারুল ইসলাম পারভেজ তার দীর্ঘ পেশাগত জীবনে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। করপোরেট ফাইন্যান্স, আর্থিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা, বাজেট প্রণয়ন, আর্থিক বিশ্লেষণ, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনায় রয়েছে তার বিস্তৃত অভিজ্ঞতা।

তিনি বর্তমানে সিগমা অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিএফও হিসেবে প্রতিষ্ঠানের সামগ্রিক আর্থিক কার্যক্রম, কৌশলগত আর্থিক পরিকল্পনা, ব্যয় নিয়ন্ত্রণ ও সম্পদের কার্যকর ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে আর্থিক বিশ্লেষণ ও ঝুঁকি মূল্যায়নের মাধ্যমে প্রতিষ্ঠানের টেকসই প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছেন। এ ছাড়া তিনি ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনেরও একজন সক্রিয় সদস্য।

সংগঠন নিয়ে প্রত্যাশা ও ভবিষ্যৎ পথচলা

সংশ্লিষ্টদের মতে, আর্থিক ব্যবস্থাপনা ও করপোরেট অঙ্গনে মো: মোফাখখারুল ইসলাম পারভেজের দীর্ঘ অভিজ্ঞতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রম, আর্থিক স্বচ্ছতা এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সংগঠনের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, নবগঠিত এ কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমপিএর প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, পেশাগত সম্পর্ক উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময়, জ্ঞানচর্চা ও ক্যারিয়ার বিকাশে কার্যকর ভূমিকা রাখবে। একই সাথে করপোরেট ও অ্যাকাডেমিক অঙ্গনের মধ্যে সেতুবন্ধন তৈরি এবং নতুন প্রজন্মের পেশাজীবীদের দক্ষতা উন্নয়নেও সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করবে।