গার্মেন্টস শ্রমিক, অবরোধ
সাভারে গার্মেন্টস শ্রমিকদের মহাসড়ক অবরোধ। নয়া দিগন্ত

ন্যূনতম মজুরি ৩০ হাজার নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভারে আজ মঙ্গলবার হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। 

Advertisement

সকাল থেকে শান্ত থাকলেও বিকেলে সাভারের পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২ ঘণ্টা সড়কে অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এসময় হেমায়েতপুর বাসস্ট্যান্ডে কয়েক শত শ্রমিক জড়ো হয়ে ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় আধা কিলোমিটার জায়গা নিয়ে বসে পড়ে। এ সময় গাবতলী থেকে সাভার উপজেলা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার যানজট দেখা গেছে। 

ফলে মহাসড়কে চলাচলকারীরা দুর্ভোগে পড়েন। মাগরিবের আজান হওয়ার পরে শ্রমিকদের একটি পক্ষ চলে যেতে চাইলেও কিছু শ্রমিক তাতে বাধা দেয়। পরে পুলিশের অনুরোধে তারা মহাসড়ক ছেড়ে বাসায় চলে যায়। 

আজ মঙ্গলবার সাভারের হেমায়েতপুরে ভারটেক্স ওয়্যার লি., নিউ ফ্যাশন ও ড্রেস ওয়ার্ল্ড লি. নামে তিনটি কারখানা ছুটি ছিল। আর দি সিভিল ইঞ্জিনিয়ার্স ওভেন লি., দি সিভিল ইঞ্জিনিয়াস ওয়াস লি. ও স্টাইলিং ওয়্যার লি. নামে তিনটি কারখানায় কর্মবিরতি পালন করেন শ্রমিকরা।  

সাভার হাইওয়ে থানার ওসি মো: আসাদুজ্জামান নূর নয়া দিগন্তকে জানান, সন্ধ্যা ৬টার পর থেকে যানচলাচল স্বাভাবিক রয়েছে।