বরগুনায় রোহিঙ্গা নারীসহ ২ মাদককারবারি গ্রেফতার, ইয়াবা উদ্ধার
বরগুনায় ইয়াবাসহ গ্রেফতার রবিউল আলম ও ছামুদা বেগম। নয়া দিগন্ত

জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের অভিযোগে বরগুনায় এক রোহিঙ্গা নারীসহ দুজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

Advertisement

সোমবার (২ নভেম্বর) বিকেলে বরগুনা পৌর বাস টার্মিনাল (নতুন বাসস্ট্যান্ড) এলাকায় বরিশাল থেকে বরগুনাগামী একটি লোকাল বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

এতে গ্রেফতারক আসামিরা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার পূর্ব কাড়িরবিল-পালংখালী এলাকার মরহুম ফজল করিমের ছেলে রবিউল আলম (৬০) ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প-২৪-এর বি ব্লকের বাসিন্দা মরহুম আইউব আলীর স্ত্রী ছামুদা বেগম (৪৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিচালক মো: হামিমুর রশিদের নেতৃত্বাধীন দল বাসটিতে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই জনের জুতা তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা দুই হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বরগুনা উপ-পরিচালক মো: হামিমুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাসটিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক পাচারের সাথে জড়িত চক্রের বিরুদ্ধে আমাদের মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের এ অভিযান অব্যাহত থাকবে।