
খাগড়াছড়ির রামগড়ে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা ও মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। পথসভায় আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবি করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ৩টায় রামগড় বাজারের উপকণ্ঠে প্রাইম ব্যাংকের সামনে মিছিল শেষে এ পথসভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনটির আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বক্তব্য দেন।
ইনকিলাব মঞ্চের ঘোষিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত চলছে। সংগঠনটির দাবি, শহীদ ওসমান হাদি হত্যার বিচারের নামে প্রহসন ও তদন্ত প্রতিবেদন নিয়ে বাণিজ্য চলছে। এর প্রতিবাদে এবং দ্রুত বিচার সম্পন্নের দাবিতে তারা তিন দফা দাবি নিয়ে মাঠে নেমেছে।
বক্তব্যে আব্দুল্লাহ আল জাবের সরকারের প্রতি জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান। তিনি বলেন, আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনতে হবে।
একইসাথে হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা ও নির্দেশদাতাদের শনাক্ত করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।
জাবের বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। জনগণের এই রায়ের প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
এছাড়া জুলাই আন্দোলন, শাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ডসহ অতীতের গুম, গণহত্যা ও হত্যাকাণ্ডের ঘটনাগুলোর সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করারও দাবি জানান তিনি।
পথসভায় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ইনকিলাব সার্চ কমিটির আহ্বায়ক জি এল সাব্বির ও সদস্যসচিব আদনান আহাদ। এছাড়া রামগড় উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক হারুনুর রশিদও উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








