
বগুড়ার ধুনটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাতে ধুনট পৌর ছাত্রদলের সদস্য সচিব শেখ জাকারিয়া বাদি হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন। শেখ জাকারিয়া পৌর এলাকার চরপাড়া গ্রামের জেল হোসেনের ছেলে।
মামলার আসামিরা হলেন- সাবেক সংসদ সদস্য হাবিবর রহমানের ছেলে ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসিফ ইকবাল সনি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র এ জি এম বাদশাহ, এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান এম এ তারেক হেলাল ও মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনর রশীদ সেলিমসহ ৬০ জনের নাম উল্লেখ রয়েছে। এছাড়া এ মামলায় আরো ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি চলতে থাকে। ওই দিন রাত সাড়ে ১১টার দিকে ধুনট শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির কার্যালয় লক্ষ্য করে আওয়ামী লীগের নেতাকর্মীরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। সেটি বিএনপির কার্যলয়ের সামনের রাস্তায় বিস্ফোরিত হয়। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে বিএনপির নেতাকর্মীরা এবং ধুনট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত বোমার আলামত জব্দ করা হয়েছে। এ মামলার আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









