
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘শ্রমিকদের জন্য মজুরি কমিশন ইতোমধ্যে গঠিত হয়েছে, এখন আর আন্দোলন করার সুযোগ নেই। আমি মনে করি, মজুরি বোর্ড গঠন করার পরে শ্রমিকরা কাজে ফিরে গিয়েছে, পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক ও শান্ত রয়েছে।’
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে সাভার উপজেলা পরিষদে গার্মেন্টসে অস্থিরতা নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘তৃতীয় পক্ষ যারা এ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, ফ্যাসিবাদের দোসর যারা, তারা সুযোগ নিতে চেয়েছে এ ক্ষেত্রে। আশা করি প্রশাসনের তৎপরতা রয়েছে এবং জনগণও এ ব্যাপারে সজাগ রয়েছেন। তারা কোনোভাবেই যেন সুযোগ নিতে না পারে এ ব্যাপারে সবাই একমত রয়েছে। ফ্যাসিবাদের বিদায় হয়েছে। কাজেই ষড়যন্ত্র করে ঘোলা পানিতে মাছ শিকার করা যাবে না।’
এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, ‘এখন যারা আন্দোলন করছে তা শ্রমিকদের আন্দোলন না। কিছু অস্থিতিশীল সৃষ্টিকারী বিভিন্ন পায়তারা করছে।’
তিনি আরো বলেন, ‘আমরা পুলিশ প্রশাসন থেকে কাজের পরিবেশ দেখছি। যারা কাজ করছে নিরাপত্তার মধ্যেই কাজ করছে। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ কঠোর আইন প্রয়োগ করব। ইতোমধ্যে আমরা গ্রেফতার করেছি। শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।’
ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, ‘শ্রমিকের নামে যারা অপপ্রচারে চালাবে, রাষ্ট্রের ক্ষতি করবে, রাষ্ট্রের বিনাস করবে, তাদের বিপক্ষে কঠোর অবস্থান নেয়া হবে।’
তিনি জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৩০ জন ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন।
এ সময় ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








