অগ্নিসংযোগ
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে ছাত্রজনতার বিক্ষোভ। নয়া দিগন্ত

যশোরের জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শহরজুড়ে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে। পাশাপাশি স্মৃতিস্তম্ভের নিরাপত্তায় নিয়োজিত দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে।

Advertisement

প্রত্যাহার হওয়া দুই পুলিশ সদস্য হলেন— এএসআই (সশস্ত্র) জাহিদুল ইসলাম এবং নায়েক মুসা বিশ্বাস।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার গভীর রাতে যশোর শহরের ব্যস্ততম বকুলতলা এলাকায় অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরবর্তীতে এই অগ্নিসংযোগের দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয় নিষিদ্ধঘোষিত যুবলীগের কয়েকজন পলাতক নেতা।

খবর পেয়ে সোমবার দুপুর ১২টায় পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তারা স্মৃতিস্তম্ভটি পর্যবেক্ষণের পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। সংগ্রহ করা ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। 

অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের নজরদারি সর্বোচ্চ পর্যায়ে বাড়ানো হয়েছে এবং অপরাধীদের শনাক্তে কাজ চলছে।