৫০০ টাকার ফি ১৫৫০
৫০০ টাকার ফি ১৫৫০।
ads

  • ডলারে এমবারকেশন ফি নির্ধারণ, যাত্রীদের খরচ বাড়বে ৩ গুণ
  • অগ্রিম ১০০ কোটি টাকা
  • টার্মিনালের আয়ের ২৭ শতাংশ পাবে সরকার
  • আজ অনুমোদন হতে পারে কনসেশন চুক্তি

ঢাকার হজরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব ১৫ বছরের জন্য জাপানি সাব-কন্ট্রাক্টিং গ্রুপের (এসডব্লিউজি) হাতে তুলে দিতে যাচ্ছে সরকার। দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর চূড়ান্ত হওয়া কনসেশন চুক্তিতে আন্তর্জাতিক যাত্রীদের এমবারকেশন ফি নির্ধারণ করা হয়েছে ১২.৫ ডলার। বর্তমানে এ ফি ৫০০ টাকা। ডলারে ফি নির্ধারণের ফলে প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে যাত্রীদের দিতে হবে এক হাজার ৫৫০ টাকা। অর্থাৎ বর্তমান ফির তুলনায় তিন গুণেরও বেশি অর্থ গুনতে হবে যাত্রীদের।
চুক্তির শর্ত অনুযায়ী, সরকার পাবে ৮ দশমিক ১ মিলিয়ন ডলার অগ্রিম অর্থ, যা প্রায় ১০০ কোটি টাকার সমান। পাশাপাশি টার্মিনালের আয়ের ন্যূনতম ২৭ শতাংশ পাবে সরকার। তবে অগ্রিম অর্থের পরিমাণ পুরো প্রকল্প ব্যয়ের তুলনায় অত্যন্ত সামান্য। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ২২ হাজার ২১৩ কোটি টাকার বেশি। সে হিসাবে ১০০ কোটি টাকার অগ্রিম অর্থ প্রকল্প ব্যয়ের মাত্র ০.৪৫ শতাংশ।
চুক্তিটি অনুমোদনের জন্য ইতোমধ্যে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কাছে পাঠানো হয়েছে বলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। কমিটির বৈঠক জরুরি ভিত্তিতে আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত হতে পারে। ওই বৈঠকে কনসেশন চুক্তির অনুমোদন মিলতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের ধারণা।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্র জানায়, ‘অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স অব থার্ড টার্মিনাল অ্যাট এইচএসআইএ’ প্রকল্পটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছিল। চূড়ান্ত চুক্তি অনুযায়ী, কনসেশন মেয়াদ শুরু হবে ‘ক্যাপাসিটি মাইলস্টোন ডেট’ (সিএমডি) থেকে। অর্থাৎ টার্মিনাল পূর্ণ সক্ষমতায় চালু হওয়ার দিন থেকে ১৫ বছর গণনা করা হবে। প্রকল্প হস্তান্তরের পর আট মাসের মধ্যে অপারেশন শুরু এবং ১৪ মাসের মধ্যে পূর্ণ সক্ষমতায় পৌঁছানোর কথা রয়েছে।
ফি বিশ্লেষণ : যাত্রীর পকেটে কতটা চাপ পড়বে?
চুক্তির সবচেয়ে আলোচিত বিষয় এমবারকেশন ফি। নাম প্রকাশে অনিচ্ছুক বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গতকাল এ প্রতিবেদককে জানান, চুক্তি অনুযায়ী আন্তর্জাতিক যাত্রীদের এমবারকেশন ফি প্রস্তাব করা হয়েছে ১২.৫ ডলার।
বর্তমানে এ ফি ৫০০ টাকা। প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে ১২.৫ ডলারের সমপরিমাণ দাঁড়ায় এক হাজার ৫৫০ টাকা। অর্থাৎ যাত্রীপ্রতি খরচ বাড়বে এক হাজার ৫০ টাকা। বর্তমান ফির তুলনায় তা তিন গুণেরও বেশি।
এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ফি ডলারে নির্ধারণ করা হয়েছে। ফলে ভবিষ্যতে ডলারের বিনিময়মূল্য বাড়লে টাকার অঙ্কেও যাত্রীদের ব্যয় বাড়বে। তবে এই বাড়তি অর্থ সরাসরি যাত্রীকে দিতে হবে, নাকি বিমান টিকিটের মূল্যের সাথে যুক্ত হবে, তা এখনো স্পষ্ট নয়। টিকিটের সাথে যুক্ত হলে প্রবাসী শ্রমিকসহ সাধারণ আন্তর্জাতিক যাত্রীদের ভ্রমণ ব্যয় বাড়বে।
ফি ডলারে নির্ধারণের ফলে টাকার অবমূল্যায়নের ঝুঁকিও কার্যত যাত্রীদের ওপর বর্তাবে। সংশ্লিষ্ট কর্মকর্তার মতে, ফি কাঠামো চূড়ান্ত ও অনুমোদনের আগে যাত্রীস্বার্থের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা প্রয়োজন ছিল।
সরকারের আয় : অগ্রিম অর্থ ও রাজস্ব ভাগাভাগি : সূত্র জানায়, তৃতীয় টার্মিনাল থেকে সরকারের আয়ের দু’টি প্রধান উৎস রয়েছে। প্রথমত, ৮.১ মিলিয়ন ডলারের অগ্রিম অর্থ বা আপফ্রন্ট পেমেন্ট, যা প্রায় ১০০ কোটি টাকার সমান। দ্বিতীয়ত, টার্মিনালের পরিচালন আয় থেকে রাজস্ব ভাগাভাগি।
প্রকল্পটির মোট প্রাক্কলিত ব্যয় ২২ হাজার ২১৩ কোটি টাকার বেশি। সে হিসাবে ১০০ কোটি টাকার অগ্রিম অর্থ প্রকল্প ব্যয়ের মাত্র ০.৪৫ শতাংশ। প্রকল্প ব্যয়ের প্রায় ৭৭ শতাংশ বা ১৭ হাজার ৯৭ কোটি টাকা এসেছে প্রকল্পসহায়তা হিসেবে। এই অর্থ ঋণ হিসেবে নেয়া হয়ে থাকলে তা পরিশোধের দায় সরকারের ওপরই থাকবে। অর্থাৎ কনসেশন থেকে পাওয়া অগ্রিম অর্থ প্রকল্পের সামগ্রিক আর্থিক দায়ের তুলনায় খুবই সামান্য।
দ্বিতীয়ত, রয়েছে রাজস্ব ভাগাভাগির ব্যবস্থা। অপারেশন পুরোপুরি শুরু হলে যাত্রী খাত থেকে আয়ের ক্ষেত্রে ‘সর্বোচ্চ’ নীতি প্রযোজ্য হবে। অর্থাৎ আয়ের ২৭ শতাংশ অথবা যাত্রীপ্রতি ২.১ ডলার- এ দুইয়ের মধ্যে যেটি বেশি, সেটি সরকার পাবে।
কার্গো খাতেও একই ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। এ ক্ষেত্রে আয়ের ২৭ শতাংশ অথবা প্রতি মেট্রিক টনে ১১.৫ ডলার- যেটি বেশি, সেটি সরকার পাবে।
এই ব্যবস্থার সুবিধা হলো, আয় কম হলেও সরকার একটি ন্যূনতম অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে পারবে। তবে যাত্রীপ্রতি ২.১ ডলার ১২.৫ ডলারের মাত্র ১৬.৮ শতাংশ। ফলে ২৭ শতাংশের শর্ত কার্যকর না হলে সরকার যাত্রীপ্রতি আদায় করা ফির তুলনায় অনেক কম অর্থ পেতে পারে। এখানে ‘আয়’ বলতে মোট আয়, নাকি পরিচালন ব্যয় বাদ দেয়ার পর আয় বোঝানো হয়েছে, সেটিও চুক্তির পূর্ণাঙ্গ শর্ত দেখে পরিষ্কার হওয়া প্রয়োজন।
এ ছাড়া অপারেশন শুরু থেকে পূর্ণ সক্ষমতায় পৌঁছানোর মধ্যবর্তী সময়ে রাজস্ব ভাগাভাগির হার সর্বোচ্চ ছয় মাসের জন্য ১৩.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে বলে সূত্র জানিয়েছে। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে সরকারের রাজস্বপ্রাপ্তি তুলনামূলক কম থাকবে।
অন্যান্য শর্ত : ঝুঁকি কার ওপর?
চুক্তির কয়েকটি শর্ত সরকারের ভবিষ্যৎ আর্থিক ও নীতিগত দায় বাড়াতে পারে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
প্রথমত, অর্থ বিভাগের পরামর্শ অনুযায়ী মন্ত্রণালয় বিনিয়োগকারীকে ‘অ্যাসিওরেন্স’ বা কমফোর্ট লেটার দেবে। এর মাধ্যমে বিনিয়োগকারীকে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেয়া হবে।
দ্বিতীয়ত, ‘ চেঞ্জ ইন ল’ ধারায় বলা হয়েছে, ভবিষ্যতে আইন পরিবর্তিত হলেও তা এই চুক্তির ওপর প্রভাব ফেলবে না। এর ফলে বিনিয়োগকারী সুরক্ষা পেলেও ভবিষ্যতে কর, শুল্ক কিংবা নিয়ন্ত্রণমূলক নীতিতে পরিবর্তন আনার ক্ষেত্রে সরকারের স্বাধীনতা ও নমনীয়তা কতটা থাকবে- তা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে।
গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে আন্তর্জাতিক এয়ারলাইনসগুলোর সর্বোচ্চ ৫০ শতাংশ কাজ করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরুর পরপরই দ্বিতীয় একটি গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগের সুযোগ রাখা হবে। এতে জাতীয় পতাকাবাহী সংস্থার জন্য এক দিকে কাজের নিশ্চয়তা থাকবে, অন্য দিকে প্রতিযোগিতার সুযোগও তৈরি হবে।
কঠিন পথ পেরিয়ে চুক্তি : তৃতীয় টার্মিনাল পরিচালনার এই প্রকল্পের পথচলা মসৃণ ছিল না। ২০১৮ সালে পিপিপি কর্তৃপক্ষ জাপানের মাধ্যমে তৃতীয় টার্মিনাল পরিচালনার উদ্যোগ নেয়। ২০২৫ সালের ৫ জুন জাপানি গ্রুপের অনুকূলে আরএফপি (রিকোয়েস্ট ফর প্রপোজাল) ইস্যু করা হয়। কিন্তু ১৩ জুন গ্রুপটি প্রকল্পটিকে ‘আনফিজিবল’ বা বাস্তবায়ন- অযোগ্য বলে জানায়।
এরপর ২০২৬ সালের ৩ ফেব্রুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা ওই আরএফপি এবং জাপান সরকারের সাথে জিটুজি পিপিপির সব কার্যক্রম বাতিল করেন।
বর্তমান সরকার গঠনের পর ১৭ ফেব্রুয়ারি থেকে আবার আলোচনা শুরু হয়। ১০ এপ্রিল জাপানি গ্রুপ বিভিন্ন বিকল্পসহ আর্থিক প্রস্তাব দেয়। ১৯ মে নতুন আরএফপি ইস্যু করা হয় এবং ২৫ আগস্ট তারা বিড ডকুমেন্ট জমা দেয়। ৮ সেপ্টেম্বর শুরু হওয়া নেগোসিয়েশন শেষ হয় ১৫ অক্টোবর। এ পর্যায়ে আর কোনো দরদাতা না থাকায় প্রতিযোগিতামূলক দর যাচাইয়ের সুযোগও সীমিত ছিল।
যে গ্রুপ আগে প্রকল্পটিকে বাস্তবায়ন অযোগ্য বলেছিল, তারা পরবর্তী সময়ে কোন শর্তে আগ্রহী হলো, তা পর্যালোচনার দাবি রাখে। বিশেষজ্ঞদের মতে, চুক্তির আর্থিক শর্ত, ঝুঁকি বণ্টন, রাজস্ব ভাগাভাগি এবং দীর্ঘমেয়াদি দায়ের বিষয়গুলো জনসমক্ষে প্রকাশ ও স্বাধীনভাবে মূল্যায়ন করা প্রয়োজন।
তৃতীয় টার্মিনাল দেশের বিমান যোগাযোগ ও অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। কিন্তু বিপুল সরকারি বিনিয়োগে নির্মিত এই স্থাপনার পরিচালন দায়িত্ব ১৫ বছরের জন্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে দেয়ার ক্ষেত্রে জাতীয় স্বার্থ, যাত্রীস্বার্থ এবং সরকারের প্রকৃত আর্থিক প্রাপ্তি নিশ্চিত করা জরুরি। শুধু অগ্রিম অর্থ বা রাজস্বের শতাংশ দিয়ে চুক্তির সাফল্য বিচার করা যাবে না; দেখতে হবে, দীর্ঘ মেয়াদে রাষ্ট্র কতটা লাভবান হচ্ছে এবং ঝুঁকির কতটা বহন করতে হচ্ছে।