উদ্ধারকৃত গাঁজা ও বিদেশী মদ
উদ্ধারকৃত গাঁজা ও বিদেশী মদ। নয়া দিগন্ত

ফেনীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১১ কেজি গাঁজা ও ৫৪ বোতল বিদেশী মদসহ চার মাদককারবারিকে আটক করেছে এসআরবি-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি লবণবোঝাই কার্গো ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

Advertisement

সোমাবার (২ নভেম্বর) ভোরে ও রোববার (১ নভেম্বর) দিবাগত রাতে কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক দু’টি অভিযান চালিয়ে মাদকসহ চারজনকে আটক করা হয়।

এসআরবি-৭ ফেনী ক্যাম্প সূত্র জানায়, ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার সীমান্তবর্তী এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে নাঙ্গলকোটের দিকে বিদেশী মদ নেয়ার খবর পায় এসআরবি। খবর পেয়ে ভোরে চৌদ্দগ্রামের বিজয়করা বাজারের তিন রাস্তার মোড়ে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।

এ সময় সিএনজিচালিত অটোরিকশাটি থামানোর সঙ্কেত দিলে চালক ও যাত্রী পালানোর চেষ্টা করেন। পরে সিএনজিচালক সাগর হোসেন (২৮) ও যাত্রী জয়নাল আবেদীনকে (২৭) আটক করা হয়। সেইসাথে অটোরিকশার যাত্রী সিটের পেছনে বিশেষ কৌশলে রাখা ছয়টি কার্টুন থেকে ৫৪ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

এসআরবি সূত্র আরো জানায়, ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে একটি লবণবোঝাই কার্গো ট্রাক চাপাইনবাবগঞ্জ যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ট্রাকটিকে ধাওয়া করে এসআরবি। এ সময় কুমিল্লার চৌদ্দগ্রাম থানার বাবুর্চি বাজারস্থ হোটেল বাইপাসের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।

দিবাগত রাত ১টার দিকে ট্রাকটি থামানোর সঙ্কেত দিলে চালক ও সহকারী পালানোর চেষ্টা করেন। এ সময় ট্রাকচালক মো: আজম আলী (৪০) ও সহকারী মো: ডাবলকে (৪০) আটক করা হয়। পরে ট্রাক থেকে ১১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত প্রায় নয় টন লবণবোঝাই কার্গো ট্রাকটিও জব্দ করা হয়।

এসআরবি-৭, ফেনী ক্যাম্প কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান নয়া দিগন্তকে জানান, আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।