সশস্ত্রবাহিনীর সৈনিকদের মূল বেতন বাড়ল ১৩৮ শতাংশ
ads

 বিশেষ সংবাদদাতা

সশস্ত্র বাহিনীর সৈনিক ও নিম্ন বেতন স্কেলের সদস্যদের মূল বেতন সর্বোচ্চ প্রায় ১৩৮ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন বেতন কাঠামোয় একজন সৈনিকের সর্বনিম্ন মূল বেতন ৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে বার্ষিক ইনক্রিমেন্টের মাধ্যমে একই পদে থেকে একজন সৈনিক সর্বোচ্চ ৫১ হাজার ৯০০ টাকা পর্যন্ত মূল বেতন পেতে পারবেন। অন্যদিকে বাহিনীপ্রধানদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা।
গত ১৫ নভেম্বর ‘যৌথ বাহিনী নির্দেশাবলি ০১/২০২৬’ (জেএসআই ০১/২০২৬) জারির মাধ্যমে নতুন বেতন-ভাতা কাঠামো কার্যকর করার নির্দেশনা দেয়া হয়। প্রকাশিত গেজেট পর্যালোচনায় দেখা যায়, সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে নিম্ন পর্যায়ের সদস্যদের অগ্রাধিকার দেয়া হয়েছে। তবে নতুন কাঠামোতে বেতন বাড়লেও পদোন্নতি, হরাইজন্টাল ও ভার্টিক্যাল পে-স্কেলের সমন্বয় এবং দীর্ঘদিনের কাঠামোগত বৈষম্য নিয়ে কিছু প্রশ্ন এখনো রয়ে গেছে।
আগের ২০১৬ সালের যৌথ বাহিনী নির্দেশাবলির পরিবর্তে এবার নতুন নির্দেশনা অনুযায়ী বেতন-ভাতা নির্ধারণ করা হয়েছে। এতে সর্বনিম্ন মূল বেতন ৯ হাজার থেকে বেড়ে ২১ হাজার ৪০০ টাকা হয়েছে। অর্থাৎ বৃদ্ধি পেয়েছে ১২ হাজার ৪০০ টাকা বা ১৩৭ দশমিক ৭৮ শতাংশ। বিপরীতে বাহিনীপ্রধানদের বেতন ৮৬ হাজার থেকে দ্বিগুণ হয়ে এক লাখ ৭২ হাজার টাকা হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বেতন বৃদ্ধির হার বিবেচনায় সৈনিক ও নিম্ন বেতন স্কেলের সদস্যরা তুলনামূলক বেশি সুবিধা পেয়েছেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে কর্মকর্তা ও সৈনিকদের মধ্যে বেতনবৈষম্য নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। তাদের দাবি, নতুন কাঠামোকে আগের বেতনব্যবস্থার ধারাবাহিকতায় মূল্যায়ন করতে হবে। একই সাথে বিভিন্ন পর্যায়ের বেতন ও সুযোগ-সুবিধার ব্যবধান বিশ্লেষণে দায়িত্ব, পদমর্যাদা এবং ক্যারিয়ার কাঠামোর পার্থক্যও বিবেচনায় নেয়া প্রয়োজন।
বিভিন্ন পদে নতুন বেতন : নতুন নির্দেশনা অনুযায়ী, ল্যান্স করপোরালের প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২৩ হাজার ৫০০ টাকা এবং করপোরালের ২৮ হাজার টাকা। ওয়ারেন্ট অফিসারের মূল বেতন ৪৪ হাজার, সিনিয়র ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার ৫০০ এবং মাস্টার ওয়ারেন্ট অফিসারের ৪৫ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিশেষ করে মাস্টার ওয়ারেন্ট অফিসারের মূল বেতন ২২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৪৫ হাজার ৫০০ টাকা হয়েছে। এতে বৃদ্ধির হার দাঁড়িয়েছে ১০২ দশমিক ২২ শতাংশ। এ ছাড়া অনারারি লেফটেন্যান্টের মূল বেতন ৭৬ হাজার ৯৬০ টাকা এবং অনারারি ক্যাপ্টেনের ৮৫ হাজার ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন কাঠামো বাস্তবায়নের প্রথম পর্যায়েও নিম্ন পর্যায়ের সদস্যদের অগ্রাধিকার দেয়া হয়েছে। ঊর্ধŸতন কর্মকর্তাদের ক্ষেত্রে নতুন বেতন কাঠামোর ৪০ শতাংশ বাস্তবায়ন করা হলেও সৈনিক ও সার্জেন্টদের ক্ষেত্রে বাস্তবায়নের হার ৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, চাকরিরত ও অবসরপ্রাপ্ত সদস্যদের বিভিন্ন ভাতাও সন্তোষজনক হারে বাড়ানো হয়েছে। পাশাপাশি চারটি নতুন ভাতা সংযোজন করা হয়েছে। তবে কোন ভাতা কী হারে এবং কোন কোন শর্তে বাড়ানো হয়েছে, সে বিষয়ে পূর্ণাঙ্গ তথ্যের ভিত্তিতে সুবিধাগুলোর প্রকৃত আর্থিক প্রভাব মূল্যায়ন করা প্রয়োজন।
পেনশন ও চিকিৎসাভাতায় পরিবর্তন : অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণ সুবিধাতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, ন্যূনতম নিট পেনশন নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। বয়সভেদে চিকিৎসাভাতা তিন হাজার থেকে বাড়িয়ে চার হাজার টাকা করা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, পেনশন ও চিকিৎসাভাতা বৃদ্ধির ফলে অবসরপ্রাপ্ত সদস্যদের জীবনযাত্রার ব্যয় সামাল দিতে কিছুটা সহায়তা হবে। বিশেষ করে দীর্ঘদিন চাকরি শেষে অবসরে যাওয়া নিম্ন বেতন স্কেলের সদস্যদের জন্য ন্যূনতম পেনশনের এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।
পদোন্নতি ও বেতন কাঠামোয় অসঙ্গতি নিয়ে প্রশ্ন : নতুন বেতন কাঠামোতে উল্লেখযোগ্য হারে বেতন বাড়লেও সশস্ত্র বাহিনীর সৈনিক থেকে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত পদোন্নতি এবং বেতন বৃদ্ধির বিদ্যমান ব্যবস্থায় দীর্ঘদিনের কিছু অসঙ্গতি রয়ে গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বেসামরিক প্রশাসনের ২০টি গ্রেডের কাঠামোয় পদোন্নতি, সিলেকশন গ্রেড কিংবা উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে একজন কর্মচারী পরবর্তী গ্রেডের ভার্টিক্যাল পে-স্কেলে যাওয়ার সুযোগ পান। বিশেষ করে নবম গ্রেডে উন্নীত হলে মূল বেতন, বাড়িভাড়া, পেনশন ও প্রাতিষ্ঠানিক মর্যাদায় উল্লেখযোগ্য পরিবর্তন আসে।
অন্য দিকে সশস্ত্র বাহিনীর সৈনিক থেকে জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) পর্যায়ে পদোন্নতির ক্ষেত্রে শূন্যপদ ও সাংগঠনিক কাঠামোর সীমাবদ্ধতা রয়েছে। ফলে যোগ্যতা ও চাকরির অভিজ্ঞতা থাকা সত্ত্বেও পদোন্নতির সুযোগ না পেলে অনেককে দীর্ঘদিন একই পদে থাকতে হয়। এ ক্ষেত্রে তাদের বেতন বৃদ্ধির প্রধান অবলম্বন হয়ে ওঠে বার্ষিক ইনক্রিমেন্ট।
সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, একই পদে থেকে ১৯ থেকে ২০টি হরাইজন্টাল ইনক্রিমেন্টের মাধ্যমে বেতন বাড়ানোর ব্যবস্থা থাকলেও তা ভার্টিক্যাল পে-স্কেলে পদোন্নতির সমতুল্য নয়। ফলে দীর্ঘদিন একই পদে কর্মরত সিনিয়র সৈনিক ও জেসিওদের আর্থিক সুবিধা এবং প্রাতিষ্ঠানিক মর্যাদা নিয়ে অসন্তোষ রয়েছে।
এ ছাড়া ওয়ারেন্ট অফিসার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও মাস্টার ওয়ারেন্ট অফিসাররা গেজেটেড মর্যাদা এবং মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও বেসামরিক প্রশাসনের নবম গ্রেডের ভার্টিক্যাল পে-স্কেলের সাথে তাদের বেতন কাঠামোর সমন্বয় নেই বলে অভিযোগ রয়েছে। একজন সেনা কর্মকর্তা বলেন, সশস্ত্র বাহিনীর ক্যারিয়ার কাঠামো ও কমান্ড পিরামিড বেসামরিক প্রশাসনের চেয়ে আলাদা। বাহিনীর শৃঙ্খলা ও কমান্ড কাঠামো বজায় রাখতে শূন্যপদ এবং যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেয়া হয়। তবে পদোন্নতি না পেলেও যাতে কোনো সৈনিক বা জেসিওর বেতন স্থবির না হয়ে পড়ে, সে জন্য ১৯ থেকে ২০টি বার্ষিক ইনক্রিমেন্টের ধাপ রাখা হয়েছে।
তিনি বলেন, একজন সৈনিক একই পদে থেকেও পর্যায়ক্রমে ২১ হাজার ৪০০ টাকা থেকে ৫১ হাজার ৯০০ টাকা পর্যন্ত মূল বেতন পেতে পারেন। অন্য দিকে অনারারি লেফটেন্যান্ট ও অনারারি ক্যাপ্টেন পদে উন্নীত হলে মূল বেতন যথাক্রমে ৭৬ হাজার ৯৬০ ও ৮৫ হাজার ৭৫০ টাকা পর্যন্ত হতে পারে।
ভার্টিক্যাল পে-স্কেল চালুর সুপারিশ : দীর্ঘদিনের এসব অসঙ্গতি দূর করতে সশস্ত্র বাহিনী বেতন কমিটির পক্ষ থেকে সব পর্যায়ে ভার্টিক্যাল পে-স্কেল প্রবর্তনের সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে। এতে পদোন্নতির সুযোগ সীমিত থাকলেও দীর্ঘদিন দায়িত্ব পালন ও অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবে সদস্যদের বেতন কাঠামোয় অধিকতর সামঞ্জস্য আনার সুযোগ তৈরি হতে পারে।
পাশাপাশি বিদ্যমান বেতন কাঠামোর অসঙ্গতি এবং সদস্যদের বিভিন্ন দাবি পর্যালোচনার জন্য একটি সার্ভিস কমিশন গঠনের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় বেতন কমিশন-২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫-এর প্রতিবেদন পাওয়ার পর সরকারের সুপারিশ প্রণয়ন কমিটি এ বিষয়ে অভিন্ন বিভাজন পদ্ধতির সুপারিশ পাঠিয়েছে। বিষয়টি বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, নতুন বেতন কাঠামোয় সৈনিক ও নিম্ন বেতন স্কেলের সদস্যদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানো ইতিবাচক পদক্ষেপ। তবে শুধু মূল বেতন বৃদ্ধির মধ্যেই সংস্কার সীমাবদ্ধ রাখলে দীর্ঘদিনের পদোন্নতিগত ও কাঠামোগত অসঙ্গতি দূর হবে না। এজন্য হরাইজন্টাল ও ভার্টিক্যাল পে-স্কেলের মধ্যে কার্যকর সমন্বয়, পদোন্নতির সীমাবদ্ধতা এবং অবসরকালীন আর্থিক নিরাপত্তার বিষয়গুলোও সমন্বিতভাবে পর্যালোচনা করা প্রয়োজন।
বেতন বৃদ্ধির হার ও বাস্তবায়নের পর্যায় নিয়ে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় : ১৩৭ দশমিক ৭৮ শতাংশ বৃদ্ধির হিসাবটি পুরনো ও নতুন সর্বনিম্ন মূল বেতনের তুলনা। এটি সব সৈনিকের মোট বেতন বা হাতে পাওয়া অর্থের বৃদ্ধির হার নয়। একইভাবে প্রথম পর্যায়ে ৫০ ও ৪০ শতাংশ বাস্তবায়নের অর্থ কিভাবে বকেয়া বা পরবর্তী কিস্তিতে সমন্বিত হবে, তা পূর্ণাঙ্গ নির্দেশনা দিয়ে স্পষ্ট করা জরুরি।