থমথমে বেড়া, বিভিন্ন স্থানে নাশকতা, ব্যাংকে হামলা
ads

নয়া দিগন্ত ডেস্ক

দেশের বিভিন্ন জেলায় অগ্নিসংযোগ, হামলা ও রাজনৈতিক উত্তেজনার ঘটনা ঘটেছে। পাবনার বেড়ায় ক্ষমতাসীন বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মুখোমুখি অবস্থানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে; দফায় দফায় সংঘর্ষের জেরে প্রত্যাহার করা হয়েছে থানার ওসিকে। এ দিকে মাদারীপুর ও শিবচরে গ্রামীণ ব্যাংকের দু’টি শাখায় পেট্রলবোমা নিক্ষেপ এবং রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অন্য দিকে নাশকতার পরিকল্পনার অভিযোগে রাজধানীর মিরপুর থেকে নড়াইল জেলা যুবলীগের এক নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
বেড়ায় থমথমে পরিস্থিতি : পাবনার বেড়া পৌর এলাকার পরিস্থিতি গতকালও থমথমে ছিল। রোববার সকাল থেকে বেড়া পৌরসভার কিছু এলাকায় ক্ষমতাসীন বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পৌরসভার সম্ভপুর ও পায়না মহল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-যুবলীগের নেতাকর্মীরা জড়ো হয়। অন্য দিকে বিএনপির নেতাকর্মীরা জড়ো হয় হাতিগাড়া এলাকায়। এই দুই এলাকা পাশাপাশি হওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ-সহিংসতা এড়াতে দুই পক্ষের মাঝামাঝি অবস্থান নিয়েছে পুলিশ। উদ্ভূত পরিস্থিতিতে পৌরসভার ডাকবাংলা বাজারের বেশির ভাগ দোকান বন্ধ রয়েছে। তবে বেড়া পৌর বাজারে কিছু দোকানপাট খুলেছে। আতঙ্কের কারণে বাজারে মানুষের আনাগোনা কম।
এ দিকে ক্ষমতাসীন বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে গত তিন দিনে দফায়-দফায় সংঘর্ষের পর শনিবার রাতে বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তাকে রাজশাহী রিজার্ভ রেঞ্জে (আরআরএফ) সংযুক্ত করা হয়েছে। বেড়া থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব নিয়েছেন পাবনা সদর সার্কেলের পরিদর্শক গোলাম মোস্তফা।
নড়াইলের নিষিদ্ধ যুবলীগ নেত্রী গ্রেফতার : নাশকতার পরিকল্পনার সাথে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত নড়াইল জেলা যুবলীগের দফতর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। বিশেষ অভিযান চালিয়ে রোববার রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মিরপুর মডেল থানার ওসি পাপিয়াকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতাকে হত্যার দুই দিন পর শুক্রবার কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অর্ধশতাধিক ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠে। স্থানীয়রা জানান, হামলাকারীরা ৩০-৩৫টি বাড়ির অর্ধশত ঘর ভাঙচুর, লুটপাটের পাশাপাশি অগ্নিসংযোগ করে। পুলিশ জানিয়েছে, দুই বিএনপি নেতা হত্যার শিকার হয়েছেন, তাদেরই স্বজনরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে আগুন দিয়েছে।
রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়িটির সামনের অংশ পুড়ে যায়। শনিবার রাত আড়াইটার দিকে রাজবাড়ী শহরের প্রধান সড়কের পাবলিক হেলথ মোড় এলাকায় তাজ মটরস অ্যান্ড মেশিনারিজের দোকানের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গভীর রাতে ট্রাকটিতে আগুন জ¦লতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, কারা এবং কী কারণে ট্রাকটিতে আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত করছে পুলিশ।
শিবচর ও মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় হামলা
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা জানান, মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দু’টি শাখায় পেট্রলবোমা ও ককটেল নিক্ষেপ করে আগুন দেয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত ৩টার দিকে শিবচরের উমেদপুর ইউনিয়নে ব্যাংকের শাখার বাইরে দু’টি ককটেল ও দু’টি পেট্রলবোমা নিক্ষেপ করলে আগুন ধরে যায়। স্থানীয়দের সহযোগিতায় তা নিয়ন্ত্রণে আনা হলেও বাইরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়; ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
অন্য দিকে শনিবার রাত ১২টার মধ্যে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে ব্যাংকের শাখা লক্ষ্য করে দু’টি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। গ্রামীণ ব্যাংকের মাদারীপুর জোনাল ম্যানেজার প্রদ্যুৎ কুমার বিশ^াস ও সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বোমা দু’টি বিস্ফোরিত না হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং নৈশপ্রহরী টের পাওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। শাখাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা নেয়া হলেও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
রাবিপ্রবি’তে নাশকতার প্রতিবাদে র‌্যালি : দেশব্যাপী নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে গতকাল দুপুরে প্রশাসনিক ভবন-১ এর সামনে প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশের পূর্বে একটি র‌্যালি বের হয়ে বিশ^বিদ্যালয়ের লাইব্রেরি ও একাডেমিক ভবন প্রদক্ষিণ করে বিজয় স্মৃতিস্তম্ভের সামনে এসে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির। প্রধান অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন প্রোভিসি প্রফেসর ড. মো: শফিকুল ইসলাম। এ ছাড়া সমাবেশে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. তৌহিদুল আলাম, সব বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, প্রভোস্টসহ সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।