
মনির হোসেন
পূর্ব ইউরোপের দেশ সার্বিয়ার শ্রমবাজার ঘিরে দীর্ঘদিন ধরেই গড়ে উঠেছে ভয়াবহ জালিয়াত চক্র। এই চক্রের খপ্পরে পড়ে ইতোমধ্যে শত শত সার্বিয়াগমী যাত্রী ঢাকা শহরে এসেই সর্বস্বান্ত হয়েছে। ইতালির বাংলাদেশ দূতাবাস থেকে ভুয়া কোম্পানি ও ভিসার অস্তিত্ব খুঁজে পাওয়ার পর পরই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা নড়েচড়ে বসেছেন।
সম্প্রতি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে সব বৈধ রিক্রুটিং এজেন্সির মালিকদের কাছে পাঠানো এক চিঠিতে জানানো হয়, সার্বিয়া, রাশিয়া, মলদোভাসহ মোট ১২টি দেশে কর্মীদের নামে চূড়ান্ত বহির্গমন ছাড়পত্র নেয়ার আগে অবশ্যই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কর্মীর নামে নিয়োগানুমতি নিতে হবে। যতক্ষণ পর্যন্ত নিয়োগানুমতি না পাবে ততক্ষণ পর্যন্ত ওই কর্মীর নামে বিএমইটি থেকে বহির্গমন ছাড়পত্র মিলবে না। তবে রিক্রুটিং এজেন্সির মালিকরা মন্ত্রণালয় থেকে নিয়োগানুমতি পেতে পদে পদে হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের দাবি, তারা নিয়োগকারী দেশের সব নিয়ম মেনে ভিসা কিনে প্রসেসিং করছেন। তারপর আবেদন করেও তারা ‘সঠিক সময়ে’ মন্ত্রণালয়ের কর্মসংস্থান শাখা থেকে অনুমোদন পাচ্ছেন না। ভুক্তভোগী মালিকরা ভিসার মেয়াদ থাকা অবস্থায় যেন কর্মী প্রেরণের কার্যক্রম দ্রুত এবং সহজ করা হয় সেজন্য প্রবাসীকল্যাণমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সচিব, ডিজিসহ সংশ্লিষ্টদের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন। একই সাথে সার্বিয়ায় বৈধভাবে কর্মী যেতে নিয়োগকারী কোম্পানি, ভিসাসহ অন্যান্য সুযোগ সুবিধা ঠিক রয়েছে কি-না তা নিশ্চিতে রোমের বাংলাদেশ দূতাবাসের দায়িত্বশীল কর্মকর্তাদের ওপরও নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা।
গতকাল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কর্মসংস্থান শাখায় খোঁজ নিতে গেলে দেখা যায়, দু’জন ব্যক্তি মোবাইলে মলদোভার চাহিদাপত্র পাওয়া নিয়ে কথা বলছিলেন। তাদের একজন অ্যালাইয়েন্স গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর জুলফিকার আলী (কামরুল)। অপরজন তার ব্যবসায়িক পার্টনার হলেও লাইসেন্সের মালিক নন বলে জানান। প্রতিবেদকের পরিচয় পাওয়ার পর তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, তো আমরা কেমনে ব্যবসা করবো? আমরা মলদোভায় কর্মী পাঠানোর অনেক আদেশ পেয়েছি। রোমানিয়ার বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়ন করে আনার পরও এই মন্ত্রণালয়ে আজ ১৪ দিন ধরে লেফট রাইট করছি। তারা বলেন, কোনো কোনো দেশের ক্ষেত্রে ভিসার মেয়াদ থাকে ৯০ দিন। এখানেই যদি এত সময় চলে যায় তাহলে নিয়োগকারী কোম্পানি কি আমাদেরকে চাহিদাপত্র দিতে চাইবে? এত পেরেশানি করে কি ব্যবসা করা যায়? আমরা যাতে সহজভাবে বিদেশে লোক পাঠানোর ব্যবসা করতে পারি, সেভাবে যেন সরকার পদক্ষেপ নেয়। আমরা সার্বিয়া, রাশিয়াসহ অন্যান্য দেশের কাজ করে থাকি। আল আরাফাহ গ্রুপের এমডি ও বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরামের সভাপতি মো: নুরুল ইসলাম উজ্জ্বল গতকাল সন্ধ্যার আগে টেলিফোনে নয়া দিগন্তের কাছে মন্ত্রণালয়ে গিয়ে হয়রানি প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে বলেন, নতুন করে মন্ত্রণালয় থেকে নিয়োগানুমতি নেয়াটা নেহাত হয়রানি হওয়া ছাড়া আর কিছুই না। তিনি বলেন, দূতাবাস থেকে সত্যায়ন করে আনার পরও আবার সেটি মন্ত্রণালয় থেকে কেন ভেরিফাই করতে হবে? এটা আমার কাছে শ্রমবাজারে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে বলেই মনে হয়। আমরা চাই দূতাবাসের ফরেন উইং থেকে কোম্পানি, কর্মস্থল ও ভিসার সঠিকতা যাচাই হওয়ার পর সেটা বিএমইটির ও-ই-পির মাধ্যমে র্যাম সফটওয়্যারে ঢুকে পড়বে। এরপর অটোমেটিক বিএমইটি থেকে ছাড়পত্র নিয়ে কর্মীরা বিদেশ চলে যাবে। যদি বিশেষ কোনো কারণে কোনো ভিসার ব্যাপারে অভিযোগ থাকে সেগুলোর বিষয়ে মন্ত্রণালয় অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। নতুন নিয়মে সার্বিয়া, মলদোভাসহ যেসব দেশে কর্মী যাওয়ার ক্ষেত্রে নিয়োগানুমতি বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়মে কর্মী গেলে আমাদের অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, কিছুদিন আগে সার্বিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ঢাকা থেকে যাওয়া একটি ফ্লাইটের বৈধ কর্মীদের ভিসার মেয়াদ এক মাসের কম থাকার কারণে তাদেরকে এয়ারপোর্ট থেকেই ফেরত পাঠিয়ে দিয়েছে। তিনি বলেন, এমনিতেই ইউরোপের ভিসা পাওয়া সৌভাগ্যের বিষয়। আবার সেই ভিসার স্টিকার আনতে আমাদেরকে যেতে হচ্ছে দিল্লিতে।
গতকাল বিকেলে সার্বিয়া, মলদোভাসহ কয়েকটি দেশের কর্মীদের জন্য মন্ত্রণালয়ের নিয়োগানুমতি বাধ্যতামূলক করা এবং এজেন্সিগুলোর পদে পদে হয়রানি হওয়ার বিষয়ে জানতে প্রবাসীকল্যাণমন্ত্রী মো: আরিফুল হক চৌধুরীর দফতরে গেলে তাকে পাওয়া যায়নি। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, মন্ত্রী মহোদয় আজ অফিসে আসেননি। পরে সচিব মোখতার আহমেদের বক্তব্য নিতে গেলে তাও সম্ভব হয়নি। তবে কর্মসংস্থান শাখার দায়িত্বশীল একজন কর্মকর্তা সচিবের দফতরের সামনে নয়া দিগন্তের প্রতিবেদককে বলেন, সার্বিয়া নিয়ে সমস্যা হওয়ার পর আমাদের মন্ত্রণালয় থেকে নিয়োগানুমতি নেয়া বাধ্যতামূলক করেছে। এই দেশটিতে যেতে ইতোমধ্যে অনেক বিদেশগামীকর্মী ফেক ভিসার খপ্পরে পড়ে সর্বস্বান্ত হয়েছে। এমন প্রশ্নের উত্তরে ওই কর্মকর্তা বলেন, ফেক ভিসা হওয়ার আর সুযোগ নাই। এখন সত্যায়নের জন্য চাহিদাপত্র রোমের বাংলাদেশ দূতাবাসে জমা পড়লে তারা সরেজমিন খোঁজ নিয়ে তারপর অ্যাটাস্টেড করে রিপোর্ট দিলেই আমরা ক্লিয়ারেন্স দেই। নতুন করে আবেদনে ফেক ভিসা পাওয়া গেছে কি-না জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে জমা পড়েনি। কারণ দূতাবাস শুধু অনুমাননির্ভর নয়, ইতালি থেকে সার্বিয়া গিয়ে কোম্পানি ভিজিট করে তারপর রাষ্ট্রদূত ও কাউন্সেলর যৌথ স্বাক্ষর করে। তারপর আমরা অনুমতি দেই। এরপর তো ভিসা ফেক হওয়ার কথা নয়। তারপরও ভিসা ফেক হলে ওরা দায় দায়িত্ব নেবে।
এদিকে গতকাল মন্ত্রণালয়ে একজন রিক্রুটিং এজেন্সির মালিক নয়া দিগন্তকে বলেন, এখন একটি ভিসা প্রসেসিং করে কর্মী সার্বিয়া পাঠাতে রোমের বাংলাদেশ দূতাবাস, মন্ত্রণালয়ের কর্মসংস্থানসহ সংশ্লিষ্ট সেকশন পর্যন্ত এবং বিএমইটির বহির্গমন শাখাসহ সব মিলিয়ে খরচ পড়ছে ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকা। এই বাড়তি টাকা শেষমেশ কর্মীদের ওপরই গিয়ে পড়ছে বলে অভিযোগ করেন। আমাদের মন্ত্রী মহোদয়রা এসব অনিয়মের বিষয়ে খুবই সোচ্চার বলে মন্তব্য করেন তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









