ইয়ামিন হত্যায় ১৯ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ
ads

  • ১৫ ডিসেম্বর সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ
  • মির্জা আজমকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
  • আমুসহ ৬ নেতা কারাগারে

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৫ ডিসেম্বর মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।
গতকাল রোববার বিচারপতি মো: নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
আদেশের পর প্রসিকিউটর গাজী এম এইচ তামীম সাংবাদিকদের বলেন, জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সাভারে আসহাবুল ইয়ামিন নামে এক ছাত্র পুলিশের গুলিতে নিহত হন। তাকে গুলি করার পর পুলিশের সাঁজোয়া যান থেকে নির্মমভাবে ফেলে দেয়া হয়। তখনও তিনি জীবিত ছিলেন বলে ভিডিও ফুটেজে দেখা গেছে।
প্রসিকিউশনের অভিযোগ তুলে ধরে তামীম বলেন, জুলাই অভ্যুত্থানে পুলিশের সাঁজোয়া যান বা এপিসি ব্যবহার করে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হয়। ইয়ামিন এপিসির ওপর উঠে পুলিশ সদস্যদের গুলি চালানো থেকে বিরত থাকার অনুরোধ করেন। ওই অবস্থায় বাইরে থেকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হলে তিনি গুলিবিদ্ধ হয়ে এপিসির ওপর পড়ে যান।
ভিডিও ফুটেজের বিবরণ দিয়ে প্রসিকিউটর বলেন, ইয়ামিনকে প্রথমে এপিসি থেকে টেনেহিঁচড়ে ফেলে দেয়া হয়। রাস্তায় পড়ার সময় তার মাথা নিচের দিকে ছিল। পরে দুই পুলিশ সদস্য সেখান থেকে তুলে সড়ক বিভাজকে ফেলে দেন। তখনও তার মাথা নিচের দিকে ছিল। ভিডিওতে ইয়ামিনের হাত-পা নড়তে এবং নিঃশ্বাস নিতে দেখা গেছে। পরে তার সহযোদ্ধারা হাসপাতালে নিতে চাইলে বাধা দেয়া হয় বলে অভিযোগ করেন তিনি। 
একপর্যায়ে বিনা চিকিৎসায় ঘটনাস্থলেই ইয়ামিনের মৃত্যু হয় বলে দাবি করেন তামীম। এ অভিযোগের পক্ষে দালিলিক সাক্ষ্য, ভিডিও ফুটেজ, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের পাশাপাশি ইয়ামিনের পরিবারের সদস্যদের সাক্ষ্য ট্রাইব্যুনালে জমা দেয়া হয়েছে। এসব সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
মামলায় গ্রেফতার ছয় আসামি হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: আবদুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহিদুল ইসলাম, সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলী, সাবেক নায়েক মো: সুহেল মিয়া, সাবেক কনস্টেবল মো: মাহফুজ মিয়া ও ঢাকা জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মো: মিজানুর রহমান। রোববার সকালে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। অভিযোগ গঠনের সময় তারা কাঠগড়ায় উপস্থিত ছিলেন। 
বাকি ১৩ আসামি পলাতক। তারা হলেন- সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো: আসাদুজ্জামান, সাভার থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহজামান, সাবেক পরিদর্শক এ এফ এম সায়েদ, সাভারের সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: আতিকুর রহমান, তেতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফখরুল আলম সমর, সাভার উপজেলা আওয়ামী লীগের সদস্য মেহেদী হাসান তুষার, সাবেক উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মো: রাজু আহম্মেদ, বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: ফরিদ, সাভার উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জামান খান ও শরফ আশরাফুল আলম। 
গত ৭ সেপ্টেম্বর পলাতক ১৩ আসামির পক্ষে রাষ্ট্রের তরফে আইনজীবী নিয়োগের আদেশ দেন ট্রাইব্যুনাল-২। এর আগে ২৬ জুলাই ১৯ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আদালত।
২০২৪ সালের ১৮ জুলাই সাভারে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন ইয়ামিন। পুলিশের একটি সাঁজোয়া যানের ওপর থেকে তাকে টেনে নিচে ফেলে দেয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ইয়ামিন রাজধানীর মিরপুরের এমআইএসটির কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি এমআইএসটির ওসমানী হলে থাকতেন। তার বাসা সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকায়।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই পুলিশ ও আওয়ামী লীগ কর্মীরা সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালায়। তারা ইয়ামিনকে ধরে পুলিশের সাঁজোয়া যানের কাছে নিয়ে যান। পরে তার বুকের বাঁ পাশে গুলি করা হয়। এরপর দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে টেনে সাঁজোয়া যানের ওপর ফেলে রেখে আন্দোলনরত ছাত্র-জনতাকে ভয় দেখানোর জন্য গাড়ি নিয়ে টহল দেন। একপর্যায়ে তাকে প্রায় মৃত অবস্থায় রাস্তায় ফেলে দেয়া হয়। সাঁজোয়া যানের ভেতর থেকে একজন পুলিশ সদস্যকে তার পায়ে আবার গুলি করার নির্দেশ দেয়া হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। ওই পুলিশ সদস্য ইয়ামিনকে মৃত ভেবে পায়ে গুলি না করে রাস্তার একপ্রান্ত থেকে অপর প্রান্তে টেনে রোড ডিভাইডারের পাশে ফেলে দেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগস্ট ঢাকার হাকিম আদালতে মামলা করেন ইয়ামিনের মামা আব্দুল্লাহ আল কাবির। মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকার পুলিশ সুপার আসাদুজ্জামান, এএসপি (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক, উত্তর বিভাগ) আব্দুল্লাহিল কাফী, এএসপি (সাভার সার্কেল) শাহিদুর রহমানসহ ৪৯ জনকে আসামি করা হয়েছিল।
মির্জা আজমকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ : জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজমকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমুসহ গ্রেফতার ছয় নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। 
রোববার বিচারপতি মো: নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। অপর দুই সদস্য হলেন বিচারক মো: মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মামলায় মোট আসামি সাতজন। তাদের মধ্যে গ্রেফতার ছয়জন হলেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, ফারুক খান, শাজাহান খান, দীপু মনি ও আবদুর রাজ্জাক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। রোববার তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। অপর আসামি মির্জা আজম এখনো গ্রেফতার হননি। 
শুনানিতে প্রসিকিউশনের পক্ষে কৌঁসুলি আবদুস সাত্তার পালোয়ান ও মার্জিনা রায়হান (মদিনা) অংশ নেন। কৌঁসুলি আবদুস সাত্তার পালোয়ান বলেন, মির্জা আজমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় গিয়েও সন্ধান পায়নি। এ কারণে পুলিশ নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) দিয়েছে। তাকে হাজির করতে দু’টি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
শুনানি শেষে প্রসিকিউটর গাজী এম এইচ তামীম সাংবাদিকদের বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটির (ঊর্ধ্বতন নেতৃত্বের দায়বদ্ধতা) অভিযোগে আওয়ামী লীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে মামলাটি চলছে। ছয়জন আসামি গ্রেফতার হয়ে কারাগারে আছেন এবং তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
মির্জা আজমের বিষয়ে তামীম বলেন, তার বিরুদ্ধে আগে থেকেই গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। পুলিশ তাকে খুঁজে না পাওয়ার প্রতিবেদন দেয়ার পর ট্রাইব্যুনাল সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশের প্রমাণ ট্রাইব্যুনালে দাখিল করতে হবে। এরপরও মির্জা আজম হাজির না হলে তার পক্ষে রাষ্ট্রের তরফে একজন আইনজীবী নিয়োগ করা হবে। ওই আইনজীবীর মাধ্যমে মামলার পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।
আগামী ৭ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এর আগে ২ নভেম্বর সাত নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ৫ নভেম্বর আদালত অভিযোগ আমলে নিয়ে তাদের হাজির করার নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, জুলাই আন্দোলন দমনে নীতিনির্ধারণী পর্যায়ে এসব নেতার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ১৪ দলীয় জোটের বৈঠকে আন্দোলন দমনে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ, কারফিউ জারি এবং সেই সুযোগে হত্যাযজ্ঞের পরিকল্পনায় তারা যুক্ত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।