
খাগড়াছড়ি প্রতিনিধি
ঢাকা বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। তবে প্রতিবেশীরা দ্রুত এগিয়ে আসায় আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। রোববার এ তথ্য নিশ্চিত করেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কায় কিসলু।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে খাগড়াছড়ির সদর উপজেলার নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে আগুন দেয়া হয়। ঘটনাস্থলে কেরোসিন ও পেট্রল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
সাদিক কায়েমের বাবা মো: আবুল কাশেম জানান, শনিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে হঠাৎ প্রকট আওয়াজে তার ঘুম ভাঙে। বের হয়ে চারদিকে আগুন জ্বলতে দেখেন এবং সিঁড়িতে আগুন থাকায় ঘর থেকে বের হতে পারছিলেন না। তার ও স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভান। পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীরাই এ নাশকতা চালিয়েছে বলে দাবি করেন তিনি।
খাগড়াছড়ি জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও পৌর আমির মোহাম্মদ ইলিয়াস বলেন, নাশকতাকারীরা পৌরসভার স্ট্রিটলাইট ভেঙে দেয়াল টপকিয়ে ভেতরে ঢুকে কেরোসিন ও পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করে। ঘরের একেবারে সামনের ভাগে আগুন দেয়ায় প্রবল ধোঁয়া সৃষ্টি হয় এবং ভেতরে থাকা ব্যক্তিরা আতঙ্কিত হয়ে পড়েন; শ^াসরুদ্ধকর পরিস্থিতির তৈরি হয়। প্রতিবেশীরা প্রথমে আগুন নেভান এবং পরে ফায়ার সার্ভিস এলে ততক্ষণে আগুন মূলত নিভে যায়।
ওসি মো: কায় কিসলু জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বাড়ির দেয়ালে আগুন দেয়ার চেষ্টা করা হলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা গেছে। এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ করা হয়নি। সারা দেশের মতো এখানেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন অগ্নিসংযোগের চেষ্টা করেছে বলে ধারণা করা হচ্ছে। রোববার সকালে ঘটনার পর সাদিক কায়েমের বাড়ি পরিদর্শন করেন খাগড়াছড়ি জেলা জামায়াতের নেতারা। এ সময় জেলা সেক্রেটারি মোহাম্মদ ইউসুফ, সহকারী সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াস, জেলা কর্মপরিষদ সদস্য আব্দুল মান্নান, পৌর সেক্রেটারি ইয়াসিন আরাফাত ও জামায়াত নেতা ইয়াকুব আলীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তারা আবুল কাশেমের সাথে কথা বলে খোঁজখবর নেন, ঘটনার নিন্দা জানান এবং অগ্নিসন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে পৃথক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে খাগড়াছড়ি জেলা জামায়াত। জেলা আমির মিনহাজুর রহমান ও সেক্রেটারি মোহাম্মদ ইউসুফের যৌথ বিবৃতিতে জড়িত দুষ্কৃতকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের দাবি জানানো হয়। পাশাপাশি জাতীয়, ছাত্র ও ডাকসু নেতৃবৃন্দের বাসাবাড়ি, স্থাপনা ও আবাসস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা ও উদাসীনতার অভিযোগ তুলে নিন্দা জানানো হয়।
হামলাকারীরা নিষিদ্ধ ছাত্রলীগের সাথে সম্পৃক্ত : সাদিক কায়েমের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা পাঁচ-সাতজনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেছেন সাদিক কায়েমের পিতা আবুল কাশেম।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো: কায় কিসলু জানান, এ ঘটনায় জড়িত সবাই নিষিদ্ধ ছাত্রলীগের সাথে সম্পৃক্ত বলে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। সিসিটিভি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার রুহুল আমিনের ছেলে মো: আলামিন ওরফে মুন্না একই এলাকার এনামুল হকের ছেলে মো: সাইফ ওরফে পিকু এবং দীঘিনালা উপজেলার মোহাম্মদ ওমর ফারুককে শনাক্ত করা হয়েছে। তাদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি অন্যান্যের পরিচয় শনাক্তের কাজ চলছে।
এজাহারে বলা হয়েছে, অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের নির্দেশে এবং রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যে সাদিক কায়েমের মা-বাবা, বোনসহ পরিবারের সবাইকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে।
এ দিকে ঘটনার পরপর সেনাবাহিনী, পুলিশসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে নিরাপত্তার আশ্বাস দেন।
সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন জামায়াত ও শিবিরের : ডাকসু ভিপি আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে গভীর রাতে পেট্রলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত।
গতকাল সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল এমপি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এক যৌথ বিবৃতিতে ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘জননিরাপত্তা নিশ্চিতের ব্যর্থতার দায় সরকার প্রধান এড়াতে পারবে না’। নেতারা বলেন, যেখানে বিগত কয়েকদিন থেকে সারা দেশে ধারাবাহিকভাবে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগুন সন্ত্রাসে লিপ্ত রয়েছে; যেখানে সরকারের এমপি-মন্ত্রীদের বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়া হয়েছে; যেখানে জুলাই যোদ্ধাদের টার্গেট করা হচ্ছে- সেখানে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জের মতো দাবি করছেন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে।
আইনশৃঙ্খলা কার নিয়ন্ত্রণে রয়েছে প্রশ্ন রেখে নেতারা বলেন, যদি সরকারের নিয়ন্ত্রণে থাকে তবে কেন বারবার নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা অগ্নিসংযোগের ঘটনা ঘটছে? তাহলে কি সরকারের মদদে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটছে? নেতৃদ্বয় বলেন, প্রকৃত সত্য হচ্ছে আইনশৃঙ্খলা সরকারের নিয়ন্ত্রণে নেই! আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বারবার স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হওয়ার পরও যখন তিনি স্বপদে বহাল থাকেন তখন বুঝতে বাকি থাকে না মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে রয়েছে কি না? প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে মন্ত্রিসভা পরিচালিত হচ্ছে কি না আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রীকে জাতির সামনে স্পষ্ট করতে নেতারা দাবি জানান।
শিবিরের প্রতিবাদ : ডাকসু ভিপি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। গতকাল এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতারা বলেন, একদিকে বিএনপি সরকার গণভোটের রায় প্রত্যাখ্যান করে জুলাইয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্যের মধ্যে বিভক্তি সৃষ্টি করছে। অন্যদিকে গণহত্যায় জড়িত আওয়ামী সন্ত্রাসীদের বিচার না করে তাদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে ফ্যাসিস্টদের পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার পথ তৈরি করে দিচ্ছে। ফলে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আজ সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। জাতীয় নেতারা, ছাত্রপ্রতিনিধি ও জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রনেতাদের ব্যক্তিগত নিরাপত্তা এবং তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করতেও সরকার ব্যর্থ হচ্ছে। দেশের নাগরিক ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাদেরকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা ও নাশকতার ঘটনা বন্ধে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বিবৃতিতে নেতারা ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগসহ দেশব্যাপী সংঘটিত নাশকতার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একইসাথে গণহত্যার বিচার দ্রুত নিষ্পত্তি, গণভোটের রায় মেনে নেয়া এবং জুলাই সনদের ভিত্তিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









