গফরগাঁওয়ে অজ্ঞাতপরিচয় লাশের পরিচয় শনাক্তে সহায়তা চায় পুলিশ
গফরগাঁও থানা পুলিশের পক্ষ থেকে অজ্ঞাতপরিচয় লাশের পরিচয় শনাক্তে সহায়তা চাওয়া হয়েছে। নয়া দিগন্ত
ads

ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশের পক্ষ থেকে মানসিক ভারসাম্যহীন একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশের পরিচয় শনাক্তে সহায়তা চাওয়া হয়েছে। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছর বলে থানা পক্ষ থেকে জানানো হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে তার মৃত্যু হয়েছে। তবে এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বর্তমানে তার লাশ গফরগাঁও হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এর আগে, রোববার গফরগাঁও থানা পুলিশের উদ্যোগে তাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়। তবে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। বর্তমানে তার লাশ গফরগাঁও হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

গফরগাঁও থানা সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে দীর্ঘদিন ধরে গফরগাঁও বাজার এলাকায় ঘোরাফেরা করতে এবং রাত কাটাতে দেখা যেত। বাজারের বিভিন্ন দোকানের সামনে সে রাত যাপন করতো। এরই মধ্যে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে। পরে, পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে।

গফরগাঁও থানা পক্ষ থেকে জানানো হয়, ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির চেহারা বা বিস্তারিত তথ্য দেখে কোনো হৃদয়বান ব্যক্তি যদি মৃত ব্যক্তিকে চিনে থাকেন, পরিচয় শনাক্ত করতে পারেন বা তার পরিবারের সন্ধান জেনে থাকেন, তাহলে গফরগাঁও থানার অফিসার ইনচার্জের (ওসি) মোবাইল ফোনে ০১৩২০-১০৩৩২১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।