সাভারে ৩০ হাজার টাকা মজুরি দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ
অবরোধ চলাকালে হেমায়েতপুরের একেএইচ টাওয়ারে বহিরাগতরা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে মর্মে অভিযোগ পাওয়া যায়। নয়া দিগন্ত

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সাভারের হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় ওই এলাকার একেএইচ টাওয়ারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

Advertisement

রোববার (১ নভেম্বর) বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বিকেল ৫টার দিকে সাভার মডেল থানা ও হাইওয়ে থানা পুলিশের প্রচেষ্টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। 

অবরোধ চলাকালে বিকেলে ৫০-৬০ জনের একটি বহিরাগত দল হেমায়েতপুর বাস স্ট্যান্ডে অবস্থিত একেএইচ গ্রুপের শ্রমিকদের আন্দোলনে যোগ দেয়ার সুযোগ দিতে কর্তৃপক্ষকে অনুরোধ করে। শ্রমিকদের ছুটি দেয়ার পর বহিরাগতরা একেএইচ টাওয়ারে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে বলে কর্তৃপক্ষ জানায়।

একেএইচ গার্মেন্টস কারখানার প্রশাসনিক কর্মকর্তা জহির হোসেন নয়া দিগন্তকে তাদের কারখানার টাওয়ারে ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রমিক, গার্মেন্টস কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার দি সিভিল ইঞ্জিনিয়ার্স ওভেন লিমিটেডের সুইং সেকশনের শ্রমিকরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কাজ বন্ধ করে কারখানার ভেতর কর্মবিরতি পালন শুরু করে। পরবর্তীতে মালিকপক্ষের অনুরোধে শ্রমিকরা পুনরায় কাজে যোগ দিলেও বেলা সাড়ে ১১টার দিকে চতুর্থ তলার সুইং সেকশনের শ্রমিকরা আবারো কাজ বন্ধ করে বসে থাকেন।

দুপুর ১টার দিকে মধ্যাহ্নভোজের বিরতি হলে শ্রমিকরা বাইরে বেরিয়ে আসে। বিরতি শেষে তারা কারখানায় প্রবেশ না করে সামনের রাস্তা অবরোধ করেন। এ সময় আন্দোলনরত শ্রমিকরা আশপাশের রূপকথা অ্যাপারেলস, জিন্স ম্যানুফ্যাকচারিং লিমিটেড, শপিং জোন বিডি, অবনী ফ্যাশন লিমিটেড, জেএফআই, আমান গ্রাফিক্স, ব্যাবিলন গ্রুপ, দি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড গ্রুপ ও যমুনা ফ্যাশনসহ অন্যান্য কারখানার শ্রমিকদের আন্দোলনে যোগ দেয়ার আহ্বান জানান।

পরে সিভিল ইঞ্জিনিয়ার্স গার্মেন্টসের শ্রমিকদের সাথে অন্য কারখানার শ্রমিকরা একত্রিত হয়ে বেলা দেড়টার দিকে পদ্মার মোড়ের দিকে রওনা হন। এ সময় যে সব কারখানার শ্রমিকরা নামতে অস্বীকৃতি জানায়, সেখানে ইটপাটকেল নিক্ষেপ করে তাদের বের করে আনা হয়। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা বিকেল ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশ অবরোধ করলে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও চালকরা।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান নূর জানান, বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত গার্মেন্টস শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। বিকেল ৫টার দিকে সাভার মডেল থানা ও হাইওয়ে থানা পুলিশের প্রচেষ্টায় আন্দোলনকারীদের সরিয়ে দেয়া হলে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।