শীর্ষ সন্ত্রাসী, গ্রেফতার
প্রতীকী ছবি। সংগৃহীত

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী মো: সাব্বির হোসেন সানিকে (৩৪) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

Advertisement

পুলিশের ভাষ্যমতে, কারাগারে থাকা আরেক সন্ত্রাসী ডেভিড ইমনের পরিবর্তে চট্টগ্রামে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব পালন করছিলেন সানি।

চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে আজ জানানো হয়, শুক্রবার (৩০ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার সানি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার সাতবসু এলাকার মো: মালেকের ছেলে। তিনি চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় বসবাস করতেন।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো: রাসেল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘ অনুসন্ধান ও নজরদারির পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সানির অবস্থান শনাক্ত করা হয়। পরে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সানির বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ ও হাটহাজারী থানায় পৃথক দুটি মামলা রয়েছে। সম্প্রতি চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের একটি ঘটনার অডিও রেকর্ডও জেলা গোয়েন্দা পুলিশের হাতে এসেছে। 

পুলিশের জিজ্ঞাসাবাদে সানি জানিয়েছে, বড় সাজ্জাদের কাছ থেকে তিনি মাসে ৫০ হাজার টাকা বেতন পেতেন। কারাগারে থাকা ডেভিড ইমনের পরিবর্তে চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বও তাকে দেয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।  

সূত্র : বাসস