
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, ‘দীর্ঘদিন অবহেলিত ও পড়ে থাকা সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের কার্যক্রম আগামী ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।’
তিনি বলেন, ‘আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব সংস্কার কাজ শেষ করে এটি পুরোপুরি প্রস্তুত করা হবে। ১ জানুয়ারি থেকে এখানে চিকিৎসকদের প্রশাসনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের অবকাঠামো পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
এর আগে সেখানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, স্বাস্থ্য সচিব, ড্যাব মহাসচিব ও গণপূর্তের প্রকৌশলীসহ সরকারি কর্মকর্তাদের নিয়ে এক বৈঠকে বসেন প্রতিমন্ত্রী।
বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী দুই সপ্তাহের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর ও গণপূর্তের যৌথ টিম সরেজমিন পরিদর্শন করে নষ্ট বা চুরি যাওয়া সরঞ্জামের ইনভেন্টরি তৈরি করবে। এছাড়া গণপূর্ত বিভাগ আগামী এক-দুই দিনের মধ্যেই কর্মকর্তাদের বসার জায়গা ও সাব-স্টেশন চালু করার ব্যবস্থা নেবে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত সরকারের আমলের অব্যবস্থাপনা ও অবহেলায় পড়ে থাকা এই প্রতিষ্ঠানকে দেশের চিকিৎসকদের দক্ষ প্রশাসক হিসেবে গড়ে তোলার একটি জাতীয় প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে রূপ দেয়া হবে।’
তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে জনগণের অর্থ অপচয় করে ও দুর্নীতির হাতিয়ার তৈরি করে পুরো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে। জনগণের ভোটে দায়িত্ব নেয়ার পর বর্তমান সরকার এই ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা পেয়েছে।’
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান গত বছরের ২৫ ডিসেম্বর কোটি কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরে স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন, ’উই হ্যাভ এ প্ল্যান’। সেই পরিকল্পনার অংশ হিসেবেই বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠন এবং স্বাস্থ্য ব্যবস্থাকে নতুন করে সাজিয়ে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার কাজ চলছে।’
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার আর জনসভার রাজনীতি করবে না; বরং জনসেবার রাজনীতি করবে। জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমস্ত দুর্নীতি ও অনাচার প্রতিহত করে এই দেশকে গড়ে তুলবে।’
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ড. আ ন ম বজলুর রশীদ, সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব জহিরুল ইসলাম শাকিল, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: ফোয়ারা তাসনিম, অধ্যাপক ডা: মো: জাহিদ রায়হান, সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সাইফুল ইসলাম প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








