স্কাউটস, জাতীয় সংসদের হুইপ, ক্যাম্পুরী
ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নয়া দিগন্ত

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘অস্থির পৃথিবীতে সারা বিশ্বের ছয় কোটি স্কাউটস সদস্য নিরলসভাবে মানবতার সেবায় নিয়োজিত আছে। তাদের এ অসামান্য অবদান আগামীতে ব্যাপকভাবে মূল্যায়ন করা হবে বলে আমি বিশ্বাস করি।’

Advertisement

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে নাটোরের রাণী ভবানী রাজবাড়ি চত্বরে ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘স্কাউটস আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠছে। নিজেদের ও পরিবেশকে সুন্দর করতে তারা কাজ করে যাচ্ছে। আগামীতে তারাই দেশের নেতৃত্বে আসবে।’

আজকের কাব, আগামীর নেতৃত্ব—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটসের ছয় দিনব্যাপী সপ্তম আঞ্চলিক এই কাব ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

রাজশাহীর ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো: রেজাউল আলম সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাটোরের জেলা প্রশাসক মোছাম্মৎ সুমনী আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ও রাজশাহী আঞ্চলিক স্কাউটসের আঞ্চলিক পরিচালক মো: সাইফুল ইসলাম।

রাজশাহী বিভাগের আটটি জেলা ও একটি মেট্রোপলিটনসহ মোট ২৬০টি ইউনিটের কাব স্কাউট, ইউনিট লিডার, স্বেচ্ছাসেবক ও কর্মকর্তা সহযোগে দুই হাজার ২০০ জন ক্যাম্পুরীতে অংশ নেন। ক্যাম্পুরী আগামী ৪ নভেম্বর শেষ হবে। ক্যাম্পুরীতে শিশুদের মধ্যে নেতৃত্বে গুণাবলী, শৃঙ্খলা, সৃজনশীলতা, আত্মনির্ভরশীলতা ও সেবার মানসিকতা বিকাশের লক্ষ্যে ক্যাম্পুরী ১২টি উচ্ছাস ও পাঁচটি উৎসবের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু অন্য অতিথিদের সাথে নিয়ে কাব সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানের শেষাংশে কাব সদস্যদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অতিথিদের মুগ্ধ করে।