বিজিবি, চোরাইপণ্য, জব্দ, অভিযান
বিজিবির অভিযানে ভারতীয় চোরাইপণ্য জব্দ। নয়া দিগন্ত

সিলেটে সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Advertisement

শনিবার (৩১ অক্টোবর) এর সত্যতা নিশ্চিত করেন জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সোহেল আলম।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী সিলেট জেলার কানাইঘাট উপজেলায় সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল কানাইঘাট উপজেলার সিংগারখাল এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ১৫৫ পিস ভারতীয় শাড়ি, তিন হাজার ৩৬০ প্যাকেট পাতার বিড়ি ও ৬৪ পিস নিভিয়া লোশন জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য ১১ লাখ তিন হাজার ৮০০ টাকা।

একই দিন ডোনা বিওপির একটি টহলদল সীমান্ত থেকে প্রায় ৬০০ গজ অভ্যন্তরে মিকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৪ হাজার টাকা মূল্যের চার হাজার পিস ভারতীয় সুপারি জব্দ করে। এছাড়া সুরাইঘাট বিওপির আরেকটি টহলদল সীমান্ত থেকে প্রায় ৭০০ গজ অভ্যন্তরে সোনাতনপুঞ্জি এলাকায় অভিযান চালিয়ে চার লাখ ৬৭ হাজার টাকা মূল্যের ৩৬০ কেজি ভারতীয় জিরা ও ৭০ কেজি চা পাতা জব্দ করে।

জব্দ চোরাইপণ্যের আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সোহেল আলম জানান, সীমান্তে সার্বিক নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব চোরাইপণ্য জব্দ করা হয়েছে। জব্দ পণ্যের ব্যাপারে আইন ও প্রচলিত বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।