সাভারে জাবাল-ই-নূর ফাউন্ডেশনের বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
অতিথি ও আয়োজকদের সাথে বিজ্ঞান মেলায় বিজয়ী শিক্ষার্থীরা । নয়া দিগন্ত
ads

ঢাকার সাভারে জাবাল-ই-নূর ফাউন্ডেশনের আয়োজনে বিজ্ঞান মেলা ও সিরাত পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বিকেলে পৌর এলাকার থানা রোডের মুক্তির মোড়ে সূচনা পার্টি প্যালেস অ্যান্ড কমিউনিটি সেন্টারে এ মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

জাবাল-ই-নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মো: সাইফুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমানন। 

প্রধান অতিথির এ বক্তব্যে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান বলেন, ‘একাডেমিক শিক্ষা কার্যক্রমের পাশাপাশি বিতর্ক ক্লাব এবং ল্যাংগুয়েজ ক্লাবের প্রতি গুরুত্ব দেয়ার আহ্বান জানান। এতে করে ক্ষুদে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে। বিজ্ঞান মেলার মাধ্যমে প্রতিষ্ঠান ভালো অবস্থায় চলে যাবে। বিজ্ঞান মেলা বছরে একবার হলেও বিতর্ক প্রতি মাসে একটি করে করা প্রয়োজন।’

প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান বলেন, ‘মহান আল্লাহ তা’আলা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন,দুনিয়াতে পাঠিয়েছেন। অনুরূপভাবে, শয়তান বা জীনকেও পাঠিয়েছেন। শয়তানের কাজ হলো আমাদেরকে পথভ্রষ্ট করা। কারণ তারা আমেরিকা,জাপানে কম যাবেন। শয়তান বাংলাদেশে বেশী আসবে, কারণ এখানে অধিকাংশ মুসলমান। কারণ কাফের আর নাসারাদের পথভ্রষ্ট করার কিছু নেই।’ 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবাল-ই- নূর ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ মো: তৌহিদ হোসেন। 

এ সময় জাবাল-ই-নূর আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ হোসাইন উদ্দিনসহ বিভিন্ন শাখা প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান শেষে জাবাল-ই-নূর ফাউন্ডেশন পরিচালিত পাঁচটি ক্যাম্পাসের মধ্যে বিজ্ঞান মেলায় চ্যাম্পিয়ন জাবাল-ই-নূর মডেল মাদরাসার প্রতিযোগীসহ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।