জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবেলা
ড. মোহাম্মদ আবদুল মজিদ।
ads

সঙ্কটেও বাংলাদেশ কিভাবে জলবায়ু পরিবর্তনসংক্রান্ত উদ্বেগ মোকাবেলা করতে পারে সেটি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের উন্নয়ন-লক্ষ্যগুলোর জন্য জলবায়ু পরিবর্তন একটি অগ্রাধিকার, কারণ চরম আবহাওয়ার ঘটনায় দেশটি বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। অভিযোজন খাতে বিনিয়োগ বেড়ে যাওয়ায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দেশটি আরো সহনশীল হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ঘূর্ণিঝড়  প্রাথমিকভাবে আশঙ্কা করা মাত্রায় হয়তো ততটা বিধ্বংসী হয়নি, কারণ আগাম সতর্কীকরণ ব্যবস্থা উন্নত হয়েছে। বাঁধের অবকাঠামো ও আশ্রয়কেন্দ্রে বিনিয়োগ বেড়েছে। সবুজ পুনরুদ্ধারের উদ্যোগগুলো এগিয়ে যাওয়ার সাথে সাথে জলবায়ু পরিবর্তন প্রশমনে অবদান রাখবে- এমন বিদেশী বিনিয়োগ আকর্ষণেও বাংলাদেশ ভালো অবস্থানে আছে।
জলবায়ু পরিবর্তন আজকের বিশ্বে সবচেয়ে গুরুতর সঙ্কট। আমরা যে সভ্যতাকে চিনি, তার ভবিষ্যৎ এখানে ঝুঁকিতে। অথচ জলবায়ু বিপর্যয় ঠেকাতে যতটা জনসচেতনতা ও সরকারি পদক্ষেপ দরকার, দু’টিই তার চেয়ে অনেক পিছিয়ে। এদিকে আমরা যখন অকল্পনীয় মাত্রার এক বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছি, বিশ্ব তা দেখছে। আমরা এক লাখ ২০ হাজার বছর আগের বৈশ্বিক তাপমাত্রার কাছাকাছি বিপজ্জনকভাবে এগিয়ে যাচ্ছি- তখন সমুদ্রপৃষ্ঠ আজকের তুলনায় ৬-৯ মিটার উঁচু ছিল। ১৯৯০-এর দশকের তুলনায় হিমবাহ এখন পাঁচগুণ দ্রুত সমুদ্রে নেমে যাচ্ছে। সমুদ্রের উষ্ণতায় কিছু এলাকায় বরফের পুরুত্ব ১০০ মিটারের বেশি কমেছে। আর বর্তমান ক্ষয় প্রতি দশকে দ্বিগুণ হচ্ছে। বরফের স্তরগুলো সম্পূর্ণ গলে গেলে সমুদ্রপৃষ্ঠ প্রায় পাঁচ মিটার বেড়ে যাবে, উপকূলীয় শহরগুলো ডুবে যাবে। সেই সাথে অন্যত্র ভয়াবহ প্রভাব পড়বে- যেমন বাংলাদেশের নিচু সমভূমিতে। ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের হিসাব অনুযায়ী, নির্গমন অপরিবর্তিত থাকলে ২১০০ সাল নাগাদ সমুদ্রপৃষ্ঠ ৮ ফুটের বেশি বাড়তে পারে। এতে বিশ্বের বহু দরিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষের জীবন অপরিবর্তনীয়ভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমাদের চোখের সামনে যা ঘটছে, তা নিয়ে যারা সচেতন, তাদের উদ্বেগের অনেকগুলোর মধ্যে এটি শুধু একটি।
এ প্রসঙ্গে, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারি পদক্ষেপের প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা কিভাবে বাড়ানো যায়- এমন প্রশ্নের উত্তরে অভিজ্ঞ মার্কিন চিন্তাবিদ ও দার্শনিক নোয়াম চমস্কির কথা উদ্ধৃত করতে চাই। চমস্কি বলেছিলেন : ‘সহজ উত্তর হলো : আরো কঠোর পরিশ্রম করুন। এর জন্য কোনো নতুন বিশেষ কৌশল নেই। বার্তাটি কী, তা আমরা জানি। যেসব বাধা অতিক্রম করতে হবে, সেগুলোও জানি। বাধাগুলো কাটিয়ে উঠতে কথায় ও কাজে বার্তাটি কিভাবে তুলে ধরা যায়, তা খুঁজে বের করতে হবে। বার্তাটি দুই অংশের : প্রথমত, আমরা এমন এক অস্তিত্বগত সঙ্কটের মুখোমুখি, যার দ্রুত সমাধান জরুরি; দ্বিতীয়ত, এ সঙ্কট কাটিয়ে ওঠার উপায় আছে।’ কোনো রাখঢাক না করে চমস্কি খুব স্পষ্টভাবে বলেছিলেন-‘বার্তাটি এমনভাবে পৌঁছে দিতে হবে, যাতে যারা তা গ্রহণ করতে আগ্রহী, তাদের মধ্যে হতাশা ও হাল ছেড়ে দেয়ার মনোভাব তৈরি না হয়; যারা তা গ্রহণ করেন না, তাদের মধ্যে ক্ষোভ, রাগ বা আরো প্রবল প্রত্যাখ্যানও না জাগে-যদিও বাস্তবতা ক্রমে অত্যন্ত স্পষ্ট হয়ে উঠছে।’
জলবায়ু পরিবর্তনের আঘাত থেকে শুরু করে সারাবিশ্বে চরম-ডানপন্থী আন্দোলনের বিস্তার, আর পারমাণবিক অস্ত্রের ক্রমবর্ধমান বিস্তার-প্রাকৃতিক পরিবেশ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি হুমকি এখন ক্রমে স্পষ্ট হচ্ছে, আর সঙ্কটের অনুভূতি তীব্র। তবু এত দ্রুত পরিবর্তনের এ সময়ে বৈশ্বিক রাজনীতি এবং করপোরেট গণমাধ্যমে প্রায়ই উপেক্ষিত সূক্ষ্ম বিষয়গুলো বুঝতে নোয়াম চমস্কির কাজ এখনো অপরিহার্য।
এমন কিছু ঘটলে বিপর্যয়টি হবে প্রায় অকল্পনীয় মাত্রার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দরিদ্র ও সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষ; তবে সমাজের বাকি অংশের জন্যও তা হবে ভয়াবহ। বর্তমানে যে বিপদের পূর্বাভাস দেয়া হচ্ছে, সেটি সবচেয়ে গুরুতর নয়। বর্তমান বিশ্ব এক লাখ ২৫ হাজার বছর আগের বৈশ্বিক উষ্ণায়নের স্তরের কাছাকাছি অশুভভাবে এগিয়ে যাচ্ছে যখন সমুদ্রপৃষ্ঠ আজকের তুলনায় ৬-৯ মিটার উঁচু ছিল। অ্যান্টার্কটিকার সমুদ্রবরফ দ্রুত গলে যাওয়ায় এ ব্যবধান আরো সঙ্কুচিত হওয়ার আশঙ্কা আছে; সাম্প্রতিক কিছু গবেষণায় বলা হয়েছে, এই গলন অরৈখিক গতিতেও ত্বরান্বিত হতে পারে। এমন বিপর্যয় এড়াতে হাতে সময় বেশি নেই। রাষ্ট্রগুলো এই সমস্যা সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও চ্যালেঞ্জটি কঠিন হতো। কিছু রাষ্ট্র তা করছে। কিন্তু এ সত্য উপেক্ষা করা অসম্ভব যে, মানব ইতিহাসের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রটির নেতৃত্বে আছে এমন এক গোষ্ঠী, যাদের সঠিকভাবে চরম অপরাধী ছাড়া আর কিছু বলা যায় না। তারা বেপরোয়াভাবে খাদের দিকে ছুটে যেতে বদ্ধপরিকর।
তারা যে মাত্রার অপরাধের পরিকল্পনা করছে, তা বোঝাতে উপযুক্ত শব্দ খুঁজে পাওয়া কঠিন। এর একটি ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ উদাহরণ হলো ট্রাম্পপ্রশাসনের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের তৈরি ৫০০ পৃষ্ঠার পরিবেশগত মূল্যায়ন, যেখানে নতুন যানবাহন নিঃসরণ মান বাতিলের আহ্বান জানানো হয়েছে। তাদের যুক্তি যথেষ্ট সরল : ওই গবেষণায় পূর্বাভাস দেয়া হয়েছে, শতাব্দীর শেষে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। যানবাহনের নিঃসরণে এতটা বৃদ্ধি ঘটবে না; আর যেহেতু খেলাটা প্রায় শেষ, তাহলে যত দিন পারি আনন্দ করব না কেন-গ্রহ যখন পুড়ছে, তখনও আমরা বেহালা বাজাচ্ছি।
এই সমস্যা উপেক্ষা করা যায় না। ফ্রান্সের ‘জিলে জোন’ আন্দোলনকারীরা সমস্যাটি স্পষ্ট করে বলেছেন : (ফরাসি) সরকার পৃথিবীর শেষের কথা বলে, অথচ মাসের শেষ পর্যন্ত চলার মতো অর্থ আমাদের নেই। নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর সাধারণভাবে আরো বাসযোগ্য পরিবেশ তৈরি করতে পারে, তবে এতে কিছু শ্রমজীবী অনিবার্যভাবে ক্ষতিগ্রস্ত হবেন-যাদের অনেকে এ ধাক্কা সামলানোর সামর্থ্য রাখেন না। তাদের এবং আরো অনেক সমস্যা মোকাবেলায় সতর্ক পরিকল্পনা দরকার। তা করা সম্ভব এবং বাস্তবসম্মত সমাধানের প্রস্তাবও দেয়া হয়েছে।
জলবায়ু পরিবর্তন নিয়ে সাংবাদিকতার বিকল্প পদ্ধতি  সম্পর্কে বলা যায় প্রতিটি সংবাদপত্রের প্রতিদিন চিৎকার করে শিরোনাম দেয়া উচিত যে, আমরা সম্পূর্ণ বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছি। কয়েক প্রজন্মের মধ্যে সংগঠিত মানবসমাজ টিকে নাও থাকতে পারে। কথাটি মানুষের মাথায় বারবার ঢোকাতে হবে। কারণ মানব ইতিহাসে এর আগে এমন কিছু ঘটেনি। বর্তমান প্রজন্মকে সিদ্ধান্ত নিতে হবে- আরো কয়েক প্রজন্ম ধরে সংগঠিত মানবসমাজ টিকে থাকবে কি না; সিদ্ধান্তটি দ্রুত নিতে হবে। হাতে বেশি সময় নেই। তাই গড়িমসি বা ঘুরিয়ে-পেঁচিয়ে কথা বলার সময় নেই। প্যারিস আলোচনা প্রক্রিয়া থেকে সরে যাওয়াকে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর একটি বলে গণ্য করা উচিত।
কিন্তু মানুষকে শুধু খারাপ খবর জানালে তাদের অসহায় বোধ করার ঝুঁকি কি নেই? আছে। খারাপ খবরের সাথে কী করা সম্ভব এবং কী করা হচ্ছে, সে বিষয়েও আলোচনা থাকা উচিত। উদাহরণ হিসেবে, খুব ভালো অর্থনীতিবিদ ডিন বেকার কয়েক সপ্তাহ আগে একটি কলামে চীনের পদক্ষেপ নিয়ে আলোচনা করেছিলেন। চীন এখনো বড় মাপের দূষণকারী, কিন্তু তারা নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের বিশাল কর্মসূচি চালাচ্ছে- বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে অনেক বিস্তৃত পরিসরে। বিভিন্ন রাষ্ট্র এ কাজ করছে, আবার কিছু করছে না।
বাংলাদেশ জলবায়ুর বিভিন্ন পরিবর্তনের প্রতি অত্যন্ত সংবেদনশীল। দেশটিতে তিনটি প্রধান নদী মিলিত হয়েছে; এর বড় অংশ নিচু প্লাবনভূমি, আর ঘূর্ণিঝড় সৃষ্টিতে পরিচিত বঙ্গোপসাগর ঘিরে করা পরিসংখ্যানে বাংলাদেশ বিশেষভাবে উল্লেখিত। অতীত দেখিয়েছে, বড় ধরনের জলবায়ুগত ঘটনা কতটা বিধ্বংসী হতে পারে। ১৯৯১ সালের ঘূর্ণিঝড় গর্কির মতো ঝড়-যাতে এক লাখ ৩০ হাজারের বেশি মানুষ মারা যান। এ ছাড়া এক কোটি মানুষ গৃহহীন হন-এসব ঘটনার চরম তীব্রতার প্রমাণ। এ ধরনের ঘটনা সবচেয়ে চরম উদাহরণ হলেও, বিভিন্ন খাতে অঞ্চলজুড়ে এর আরো বহু প্রভাব আছে। বৈজ্ঞানিক মহলে ব্যাপকভাবে স্বীকৃত যে, বিশ্বজুড়ে এ ধরনের জলবায়ুগত ঘটনা বাড়বে। পুনরাবৃত্ত জলবায়ুগত ঘটনা মোকাবেলায় দেশকে আরো সহনশীল করতে গত ৩৫ বছরে বাংলাদেশ সরকার ১০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে। দুর্যোগ ব্যবস্থাপনার কৌশল সময়ের সাথে তৈরি হয়েছে; সেগুলো বাস্তবসম্মত ও কার্যকর। জলবায়ুগত প্রভাবে একই ধরনের ঘটনার ঝুঁকিতে থাকা অন্য দেশগুলো এসব মডেল ও কৌশল থেকে শিখতে পারে।
বিংশ শতাব্দীতে স্থলভাগের গড় বৈশ্বিক তাপমাত্রা শূন্য দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সমুদ্রের তাপমাত্রা শূন্য দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। বৈজ্ঞানিক মহলে ব্যাপকভাবে একমত যে মানুষের কর্মকাণ্ড জলবায়ু ব্যবস্থাকে বদলে দিচ্ছে। সেই সাথে তাপমাত্রা বাড়ছে। জাতিসঙ্ঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকারি প্যানেল (আইপিসিসি) যেসব প্রভাবের পূর্বাভাস দিয়েছে, সেগুলোর মধ্যে আছে : চরম আবহাওয়ার ধরনগুলোর ঘনত্ব, তীব্রতা ও ব্যাপ্তি বৃদ্ধি; উপকূলীয় এলাকায় মিঠাপানির মজুদ লবণাক্ত পানিতে দূষিত হওয়া এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি।
জলবায়ু পরিবর্তনের অনেক প্রভাব বাংলাদেশের বিদ্যমান পরিবেশগত, আর্থ-সামাজিক ও জনসংখ্যাগত চাপ আরো বাড়াবে। জলবায়ু পরিবর্তনের ফলে সম্ভবত বৃষ্টিপাতের চরম পরিস্থিতিতে বন্যা বাড়বে। একদিকে বর্ষার বৃষ্টি বাড়বে। অন্য দিকে অনিয়মিত বৃষ্টিপাতে আকস্মিক বন্যাও বেশি হবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির একটি বড় প্রভাব হলো উপকূলীয় বন্যা। টেকটোনিক ভূমি অবনমনের প্রভাবে বাংলাদেশে এই ঝুঁকি আরো বেশি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সাথে নদীতীরবর্তী বন্যাও বাড়তে পারে। কারণ, এতে গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীগুলোর বদ্বীপে পানির উল্টো প্রবাহের প্রভাব বাড়ে। এর ফলে পানি নিষ্কাশনে জট তৈরি হবে, কারণ পানির স্তর উঁচু হবে। জলবায়ু পরিবর্তনের সাথে যুক্ত অন্যান্য কারণ- যেমন ভূপৃষ্ঠের প্রবাহ বেড়ে নদীমোহনার শাখাগুলো পলি জমে ভরাট হওয়া এবং নদীর তলদেশের উচ্চতা বৃদ্ধি-এ সমস্যা আরো বাড়াবে। তাপমাত্রা বাড়লে হিমবাহ আরো গলবে, ফলে প্রতিবেশী হিমালয় থেকে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীতে পানির প্রবাহ বাড়বে। আইপিসিসির সাম্প্রতিক চতুর্থ মূল্যায়ন প্রতিবেদনে (এফএআর) বলা হয়েছে, বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের তুলনায় হিমালয়ের হিমবাহ দ্রুত সরে যাচ্ছে, যার প্রধান কারণ বৈশ্বিক উষ্ণায়ন। ঝড়ের তীব্রতায় (বাতাসের গতিতে) ৫-১০ শতাংশ বৃদ্ধির প্রমাণ আছে, যা আরো শক্তিশালী ঝড়ের সৃষ্টি করতে পারে।
বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবেলায় নানা ধরনের অভিযোজনমূলক উদ্যোগ-নীতি ও অবকাঠামোতে বিনিয়োগ- পরিকল্পনা ও বাস্তবায়নের দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের আছে। গত তিন দশকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দেশকে আরো জলবায়ু-সহনশীল ও কম ঝুঁকিপূর্ণ করতে বাংলাদেশ সরকার ১০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে (২০০৭ সালের স্থির মূল্য অনুযায়ী)। সত্তরের দশক থেকে উন্নয়ন সহযোগীদের সহায়তায় বাংলাদেশ সরকার বিনিয়োগ করেছে- নিচু এলাকায় কৃষি উৎপাদনশীলতা বাড়াতে বন্যা ব্যবস্থাপনা ও সেচ প্রকল্পে; শহরাঞ্চলে বন্যা প্রতিরোধ ও পানি নিষ্কাশন ব্যবস্থায়; জোয়ারের পানি ও লবণাক্ত পানির অনুপ্রবেশ ঠেকাতে উপকূলীয় বাঁধ প্রকল্পে; বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে; দুর্যোগ ব্যবস্থাপনা, সাড়া প্রদান ও পুনরুদ্ধার প্রকল্পে; শুষ্ক মৌসুমে ফসল উৎপাদনের উপযোগী সেচ প্রকল্পে; লবণাক্ততা, খরা ও বন্যা-সহনশীল, উচ্চ ফলনশীল ফসলের জাত উদ্ভাবনে কৃষি গবেষণা কর্মসূচিতে এবং উপকূলীয় ‘সবুজ বেষ্টনী’ (বনায়ন) প্রকল্পে।
লেখক : সাবেক সচিব, এনবিআরের 
সাবেক চেয়ারম্যান