
রাজশাহী পবায় গ্রামীণ সড়কে সবুজায়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং গ্রাম পুলিশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে ‘গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি’। দেশে প্রথমবারের মতো শুরু হওয়া এ কর্মসূচির আওতায় উপজেলার আটটি ইউনিয়নে ১৬ হাজার গাছ লাগানো হবে। এর একটি অংশের পরিচর্যার দায়িত্ব পালন করবেন গ্রাম পুলিশ সদস্যরা। গাছ বড় হয়ে অর্থকরী সম্পদে পরিণত হলে তা থেকে প্রাপ্ত সুবিধার ৫০ শতাংশ পাবেন দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশ। বাকি ৫০ শতাংশ জমা হবে ইউনিয়ন পরিষদের রাজস্ব খাতে।
রোববার (২২ নভেম্বর) সকালে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান। পরে তিনি উপজেলার হড়গ্রাম ইউনিয়নে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এমপি শফিকুল হক মিলন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত উদ্যোগের অংশ হিসেবে প্রতিটি ইউনিয়নে একটি করে সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখা হয়েছে। পাশাপাশি গ্রাম পুলিশ সদস্যদের বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে দুই হাজার করে গাছ লাগানো হবে। এর একটি অংশের দায়িত্বে থাকবেন গ্রাম পুলিশ সদস্যরা। বাকি গাছ লাগানো হবে জনপ্রতিনিধি, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে। এর মাধ্যমে গ্রাম পুলিশের কাজের স্বীকৃতির পাশাপাশি তাঁদের বাড়তি আয়ের সুযোগ তৈরি হবে।
তিনি আরও বলেন, বৃক্ষরোপণ, খাল খনন, মাছ চাষ, গবাদিপশু পালন ও ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠার মতো উদ্যোগের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার পরিকল্পনা অতীতেও নেওয়া হয়েছিল। বর্তমান সরকারও বৃক্ষরোপণের পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে চলাচলে অক্ষম ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার, প্রশিক্ষিত নারীদের সেলাই মেশিন, কৃষকদের কৃষি কার্ড এবং অসচ্ছল মানুষের জন্য বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন। তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর সুরক্ষা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে। ভবিষ্যতের অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় মেহগনি ও নিমসহ বিভিন্ন কাঠজাতীয় গাছ নির্বাচন করা হয়েছে। পাশাপাশি স্বল্পমেয়াদি আয়ের সুযোগ তৈরিতে বিভিন্ন স্থানে খেজুরগাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। এসব গাছ বড় হলে রস ও গুড় উৎপাদনের মৌসুমে ইজারা দিয়ে আয় করা সম্ভব হবে।
ইউএনও জানান, উপজেলার আটটি ইউনিয়নে আটটি গ্রাম পুলিশ সড়ক প্রতিষ্ঠার পাশাপাশি সামাজিক বনায়নের আওতায় ১৬ হাজার গাছ লাগানো হবে। সরকারের পাঁচ বছর মেয়াদি বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রার অংশ হিসেবে পবায় এক বছরের মধ্যেই নির্ধারিত লক্ষ্য পূরণের আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে চলাচলে অক্ষম ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার এবং প্রশিক্ষিত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় জেলা বিএনপির সদস্য ও পৌর মেয়র শেখ মুকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন ও সদস্যসচিব অধ্যাপক আব্দুর রাজ্জাকসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গ্রাম পুলিশ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









