ঢাকা, মেডিক্যাল, কলেজ, হাসপাতাল,
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। নয়া দিগন্ত
ads

রাজধানীর হাজারীবাগের বটতলা মাজার এলাকায় একটি বাসায় ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় পারভীন আক্তার (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ফাতেমা আক্তার ঊর্মি (২১) এবং ফরিদা বেগম (৪০) নামের আরও দুই নারী দগ্ধ হয়েছেন।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। 

নিহত পারভীন আক্তার দগ্ধ ফাতেমা আক্তার ঊর্মির মা এবং তার স্বামীর নাম মনোয়ার হোসেন।

দুর্ঘটনা ও আহতদের চিকিৎসার বিবরণ

বিস্ফোরণের পর দগ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে ফাতেমা আক্তার ঊর্মিকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তবে অপর দগ্ধ ফরিদা বেগমকে গুরুতর অবস্থায় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বক্তব্য

দগ্ধ ফরিদা বেগমের ছেলে রুবেল ঘটনার বিবরণ দিয়ে জানান, ‘হাজারীবাগের বটতলা মাজার এলাকায় অষ্টমতলা বাসার দ্বিতীয় তলায় আমার মা ফরিদা বেগম আরবি পড়াতো। এমনিতেই ওই বাসায় বেড়াতে গিয়েছিল। ওই সময় পারভীন আক্তার নামের একজন রান্নাঘরে ছিল ওই সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দগ্ধ হয়। আমার মায়ের অবস্থা খুব খারাপ আমার মাকে বাঁচান। আমাদের বাসা হাজারীবাগের বটতলার মাজার এলাকায়।’

রুবেল আরো জানান, ‘আহত উর্মি নিজেই ফোন করে আমাকে বলে ভাই তোমার মা একটু অসুস্থ , তাড়াতাড়ি হাসপাতালে আসো। পরে আমি আর আমার বোন ঢামেকে আসি।’

চিকিৎসক ও পুলিশের বক্তব্য

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা: হারুন অর রশিদ জানান, ‘হাজারীবাগ থেকে আমাদের এখানে একজন এসেছে,তার নাম ফরিদা বেগম। তাকে ভর্তি দেয়া হয়েছে। অবস্থা আশঙ্কাজনক। এখন তার ড্রেসিংএর কাজ চলছে এখনো তার কত শতাংশ বলা যাচ্ছে না।’

এদিকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে ফাতেমা আক্তার ঊর্মি প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন এবং বার্ন ইউনিটে ভর্তি ফরিদা বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।