
কুমিল্লার ব্রাহ্মণপাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির নির্বাচিত হয়েছেন মাওলানা রেজাউল করিম। রুকনদের ভোটে ২০২৭-২০২৮ কার্যকালের জন্য তিনি আমির পদে পুনর্নির্বাচিত হন। নির্বাচন শেষে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি নতুন কার্যকালের দায়িত্ব গ্রহণ করেন।
রোববার (২২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা স্থানীয় অডিটোরিয়ামে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা নায়েবে আমির ও জেলা নির্বাচন বিভাগের সভাপতি অধ্যাপক মু. আলমগীর সরকার। তিনি পুনর্নির্বাচিত আমির মাওলানা রেজাউল করিমকে শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী নির্বাচন পরিচালক ও জেলা শূরা-কর্মপরিষদ সদস্য আব্দুল বারী, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মুফতি আমিনুল ইসলাম, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকীসহ উপজেলার পুরুষ ও মহিলা রুকন এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মু. আলমগীর সরকার বলেন, মাওলানা রেজাউল করিম আমীর পদের জন্য কোনো লবিং করেননি; বরং রুকনদের ভোটে তিনি পুনর্নির্বাচিত হয়েছেন। সংগঠনের সদস্যরা তাঁর ওপর আস্থা রেখে আবারও দায়িত্ব অর্পণ করেছেন। তাই আগামী দিনে এ দায়িত্ব পালনে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।
তিনি ব্রাহ্মণপাড়াকে সুখী-সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তোলার পাশাপাশি সর্বস্তরের মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সংগঠনের সম্প্রসারণ ও সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পুনর্নির্বাচিত উপজেলা আমির মাওলানা রেজাউল করিমের বক্তব্যের মধ্য দিয়ে শপথ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









