
ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহিরুল ইসলাম (২৭) নামে এক কাঠ ব্যবসায়ীর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার গফরগাঁও ইউনিয়নের দুগাছিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী জহিরুল ইসলাম শাঁখচূড়া এলাকার মরহুম জালাল উদ্দিনের ছেলে। তিনি গলাকাটা বাজার সংলগ্ন একটি স’মিলের মালিক ও কাঠ ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে গফরগাঁও-হোসেনপুর সড়কের দুগাছিয়া এলাকায় দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছিটকে পড়ে চারজন আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জহিরুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই বালিপাড়া এলাকায় তার মৃত্যু হয়। অন্যদিকে দুর্ঘটনায় আহত অপর মোটরসাইকেল চালক ইলিয়াস ও তার দুই বন্ধুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গফরগাঁও থানার ওসি (তদন্ত) মো: মশিউর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








