এমপি আব্দুল আজিজ
এমপি আব্দুল আজিজ। নয়া দিগন্ত

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় বিএনপির কাছে লিখিত সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নাটোর জেলা বিএনপি। তার ছেলে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় গ্রেফতার হওয়ার পাশাপাশি সংসদ সদস্যের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করছেন জেলা বিএনপির নেতারা।

Advertisement

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে আয়োজিত জেলা বিএনপির প্রস্তুতি সভায় এ বিষয়ে আলোচনা শেষে লিখিতভাবে কেন্দ্রকে জানানোর সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ নয়া দিগন্তকে বলেন, সংসদ সদস্য আব্দুল আজিজের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ এবং সম্প্রতি একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় দলীয় ভাবমূর্তি সঙ্কটে পড়েছে। 

তিনি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার এখতিয়ার জেলা কমিটির নেই। তাই বিষয়গুলো লিখিতভাবে কেন্দ্রীয় সংগঠনকে জানানো হবে। কেন্দ্রীয় বিএনপি তার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

তিনি আরো বলেন, সভায় শাকিল ইসলাম হত্যা মামলায় রিমান্ডে থাকা এমপিপুত্র নূরুজ্জামান মিন্টুর সংশ্লিষ্টতার অভিযোগ এবং সংসদ সদস্য আব্দুল আজিজের ভাইরাল হওয়া ভিডিও নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

এ সময় উপস্থিত নেতারা তাদের মতামত তুলে ধরেন। পরে দলের গঠনতন্ত্র পর্যালোচনা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার এখতিয়ার জেলা কমিটির নেই বলে সিদ্ধান্ত নেয়া হয়।

সম্প্রতি গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম (৩২) হত্যা মামলায় সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে নূরুজ্জামান মিন্টুকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। এর পরদিন ২৮ অক্টোবর সংসদ সদস্য আব্দুল আজিজের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরপর এ দুই ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তার সংসদ সদস্য পদ ও দলীয় পদ থেকে পদত্যাগের দাবিও ওঠে।

এদিকে, শাকিল ইসলাম হত্যা মামলায় গ্রেফতার নূরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড শেষে আরো সাত দিনের রিমান্ড চেয়েছে মামলার তদন্তকারী সংস্থা জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার গুরুদাসপুর আমলি আদালতের বিচারক মেহেদী হাসানের আদালতে এ আবেদন করা হয়। শুনানি শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, মামলার তদন্তে আরো অগ্রগতির জন্য গ্রেফতার নূরুজ্জামান মিন্টুকে অধিকতর জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ কারণে বিধি অনুযায়ী আদালতের কাছে আরো সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হামলার শিকার হন পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম (৩২)। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৬ অক্টোবর রাতে তার মৃত্যু হয়।